Sylhet Today 24 PRINT

ভিনিসিয়াসের জোড়া গোলে ফের শীর্ষে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক |  ৩০ অক্টোবর, ২০২১

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের জোড়া গোলে এলচে হারিয়ে ফের শীর্ষে ফিরেছে রিয়াল মাদ্রিদ। শনিবার স্থানীয় সময় দুপুরে প্রতিপক্ষের মাঠে ২-১ গোলে জিতেছে কার্লো আনচেলত্তির দল।

আক্রমণ-পাল্টা আক্রমণের জমজমাট লড়াইয়ে প্রায় ৫৫ শতাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশ্যে ১৭টি শট নেয় রিয়াল, যার পাঁচটি ছিল লক্ষ্যে। আর এলচের ১৩ শটের চারটি ছিল লক্ষ্যে।

ম্যাচের তৃতীয় মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগোর জোরালো শট ঝাঁপিয়ে ফেরান গোলরক্ষক কিকো কাসিয়া। ২০তম মিনিটে পাল্টা আক্রমণে আর্জেন্টাইন ফরোয়ার্ড লুকাস বোয়ের জোরালো শট রুখে দেন রিয়াল গোলরক্ষক থিবো কোর্তোয়া।

ম্যাচের ২২তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। মারিয়ানোর দারুণ ফ্লিকে বল পেয়ে প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে গোলটি করেন ছন্দে থাকা ভিনিসিয়াস জুনিয়র।

৬৩তম মিনিটে বড় ধাক্কা খায় এলচে। টনি ক্রুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন স্প্যানিশ মিডফিল্ডার রাউল গুতি।

ম্যাচের ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। মদ্রিচের দারুণ রক্ষণচেরা পাস ধরার মাঝে ডি-বক্সে ঢুকে সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে গতিতে পেছনে ফেলে দুরূহ কোণ থেকে গোলটি করেন ভিনিসিয়াস।

৮৬তম মিনিটে নিজেদের ভুলে গোল খেয়ে বসে রিয়াল। নিজেদের সীমানায় বল ক্লিয়ার করতে লক্ষ্যহীন শট নেন কাসেমিরো। বল এলচের বেনেদেত্তোর মাথায় লেগে চলে যায় ডি-বক্সে। দ্রুত বল ধরে নিচু শটে লক্ষ্যভেদ করেন পেরে মিয়া।

১১ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে রিয়াল সোসিয়েদাদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.