Sylhet Today 24 PRINT

স্টেডিয়ামে ‘পাকিস্তানি পতাকা ও দালাল’ রুখে দেওয়ার ঘোষণা

নিজস্ব প্রতিবেদক |  ২১ নভেম্বর, ২০২১

বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যাকার চলমান টি-টোয়েন্টি সিরিজে কোন বাংলাদেশি পাকিস্তানি পতাকা নিয়ে এলে এবং পাকিস্তানের জার্সি পরে এলে তা প্রতিরোধের ঘোষণা দিয়েছে একটি সংগঠন।

‘পাকিস্তানি দালাল রুখবে তারুণ্য’ নামের সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে রোববার এই ঘোষণা দিয়েছে।

সংগঠনটির আহবায়ক হামজা রহমান অন্তর ও সদস্য সচিব শামীম রুদ্র এক বিবৃতিতে বলেছেন, সোমবার বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচের আগে মিরপুরে তারা অবস্থান নেবেন।

তারা জানান, ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষাধিক মা-বোনের আর্তনাদের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। সেই স্বাধীনতার শত্রু যারা আজও রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চায়নি, ক্ষতিপূরণ দেয়নি। যারা আজও ষড়যন্ত্র অব্যাহত রেখেছে-তাদের হয়ে এদেশীয় দালালগোষ্ঠীকে একাত্তরের মতোই প্রতিহত করতে প্রতিজ্ঞাবদ্ধ আমরা।

উল্লেখ্য, প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচে পাকিস্তানের জার্সি পরে এবং দেশটির পতাকা উড়িয়েছে একদল তরুণ। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিয়োচিত্রে বাংলাদেশের ওই পাকিস্তানের সমর্থকেরা বাংলাদেশ সম্পর্কে কটূক্তিমূলক মন্তব্যও করে। এবং তাদের অনেকেই কেন বাংলাদেশ ও পাকিস্তান আলাদা হয়েছে এনিয়েও আক্ষেপ করতে দেখা যায়। এসব ভিডিয়ো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনাও হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.