Sylhet Today 24 PRINT

নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ দ.আফ্রিকা

স্পোর্টস ডেস্ক |  ১৫ ডিসেম্বর, ২০২১

প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ বুধবার নারী বিশ্বকাপের দ্বাদশ আসরের সূচি প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী বছর নিউজিল্যান্ডে অনুষ্ঠতব্য আসরে বাংলাদেশের মেয়েরা নিজেদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে দক্ষিণ আফ্রিকাকে।

আগামী ৫ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রোটিয়াদের মুখোমুখি হবে টাইগ্রেসরা। যেখানে ৪ মার্চ উদ্বোধনী ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ড মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজের।

নিজেদের দ্বিতীয় ম্যাচও বাংলাদেশ খেলবে ডানেডিনে। ৭ মার্চের এই খেলায় প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ১৪ মার্চ হ্যামিল্টনে লড়াই পাকিস্তানের সঙ্গে। ১৮ মার্চ তৌরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২২ মার্চ হ্যামিল্টনে ভারতের বিপক্ষে, ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও ২৭ মার্চ একই ভেন্যুতে লড়াই ইংল্যান্ডের বিপক্ষে।

গত মাসে করোনার হানায় জিম্বাবুয়েতে মাঝপথে বন্ধ হয়ে যায় ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব। পরে আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ ২০১৭-২০২০-এ র্যাঙ্কিংয়ে ওপরের দিকে অবস্থানের ভিত্তিতে বিশ্বকাপে সরাসরি খেলছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ভারত। স্বাগতিক হিসেবে সরাসরি খেলছে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও পাকিস্তান খেলছে বাছাইপর্ব গ্রুপের র্যাঙ্কিংয়ের সৌজন্যে।

নিউজিল্যান্ডের ছয়টি শহরে আসরটি গড়াবে। ভেন্যুগুলো হলো- ডানেডিন, তৌরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টন।

আসরে ৩১ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে মোট ৩১টি। ৮ দলের বিশ্বকাপে প্রাথমিক পর্বে সব দল পরস্পরের বিপক্ষে লড়বে একবার করবে। শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। আগামী ৩০ মার্চ ওয়েলিংটনে হবে প্রথম সেমিফাইনাল, পরদিন দ্বিতীয় সেমিফাইনাল ক্রাইস্টচার্চে। ৩ এপ্রিল ক্রাইস্টচার্চেই অনুষ্ঠিত হবে ফাইনাল ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.