স্পোর্টস ডেস্ক | ১৫ ডিসেম্বর, ২০২১
বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড সের্হিও আগুয়েরো অবসরের ঘোষণা দিয়েছেন। কাম্প নউয়ে বুধবার আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানালেন, সুস্থভাবে বেঁচে থাকতে তার পক্ষে আর ফুটবল খেলা সম্ভব নয়।
এরমাধ্যমে ১৮ বছরের দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড।
গত গ্রীষ্মের দলবদলে ম্যানচেস্টার সিটি ছেড়ে ফ্রি ট্রান্সফারে বার্সেলোনায় যোগ দেন আগুয়েরো। নতুন ঠিকানায় শুরুতেই ধাক্কা খান তিনি, ছিটকে পড়েন চোট পেয়ে। অবশ্য ওই চোট কাটিয়ে দ্রুতই বার্সেলোনার শুরুর একাদশে জায়গা করে নেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার। দলটির হয়ে লা লিগায় চারটি এবং চ্যাম্পিয়ন্স লিগে একটি ম্যাচ খেলেন তিনি। গোলের খাতাও খোলেন তিনি; একমাত্র গোলটি তিনি করেন ক্লাসিকোয় বদলি হিসেবে নেমে।
গত ৩০ অক্টোবর লা লিগায় আলাভেসের বিপক্ষে বার্সেলোনার ১-১ গোলে ড্র ম্যাচে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় মাঠ ছেড়ে যান আগুয়েরো। ডাক্তারি পরীক্ষায় ধরা পড়ে, হৃদযন্ত্রের স্পন্দন জটিলতা সংক্রান্ত অ্যারিথমিয়া রোগে ভুগছেন তিনি। সেই সমস্যাই তাকে ফুটবল থেকে বিদায় করে দিয়েছে।
শৈশবের ক্লাব ইন্দিপেনদিয়েন্তেই সিনিয়র ক্যারিয়ার শুরু হয় আগুয়েরোর। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত সেখানে খেলে ওই বছরই ইউরোপে পাড়ি জমান তিনি, যোগ দেন আতলেতিকো মাদ্রিদ। স্পেনের দলটির হয়ে ২৩৪ ম্যাচে করে ১০১ গোল, জেতেন ২০১০ সালের ইউরোপা লিগ।
এরপর ২০১১ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে কাটান ক্যারিয়ারের সবচেয়ে সফল অধ্যায়। এখানে ১০ বছরের ক্যারিয়ারে পাঁচটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ ও ছয়টি লিগ কাপ জেতেন তিনি। গড়েন দলটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড; ৩৯০ ম্যাচে ১৬ হ্যাটট্রিকসহ করেন ২৬০ গোল।
সব মিলিয়ে ক্যারিয়ারে ৭৮৬ ম্যাচে ৪২৭ গোল করেন আগুয়েরো।