স্পোর্টস ডেস্ক | ১৮ ডিসেম্বর, ২০২১
ইউরো চ্যাম্পিয়নশিপে গত জুনে ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচের মধ্যে মাঠেই কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিলেন ক্রিস্টিয়ান এরিকসেন। মাঠে অজ্ঞান হয়ে পড়া এরিকসেনের সেই ঘটনার ৬ মাস পর ডেনিশ ফুটবলারের সঙ্গে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইন্টার মিলান।
গত জুনে ২০২০ ইউরোতে ফিনল্যান্ডের বিপক্ষে ডেনমার্কের হয়ে খেলার সময়ে ম্যাচের মধ্যে মাঠেই কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছিলেন। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে এরিকসেনের শরীরে ইমপ্ল্যান্টেবল কার্ডিওভার্টার ডিফাইব্রিলেটর (আইসিডি) বসানো হয়, যা পেসমেকারের মতো কাজ করে।
কিন্তু ইতালির ঘরোয়া ফুটবলে শরীরে ডিফাইব্রিলেটর নামেক পেসমেকার নিয়ে খেলার অনুমতি নেই। অন্যদিকে, এটি ছাড়া এরিকসেনের জীবন আবারও হুমকির মধ্যে পড়তে পারে। তাই ক্লাব এবং খেলোয়াড় দুপক্ষের মঙ্গলের জন্যই চুক্তি বাতিলের সিদ্ধান্ত উভয় পক্ষ সম্মত হয়েছে। ইতালিয়ান ক্লাবটির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।