Sylhet Today 24 PRINT

তিন ম্যাচ পর জয়ে ফিরল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ১৯ ডিসেম্বর, ২০২১

ম্যাচের প্রথম ২০ মিনিটেই দুই গোলে এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। প্রথমার্ধ শেষও করেছিল তারা একই ব্যবধান রেখে, কিন্তু দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনা তৈরি করেছিল বার্সা। শেষমেশ সেটা হয়নি। শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে ফিরেছে জাভি হার্নান্দেজের দল।

শনিবার কাম্প নউয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের নিচের দিকের দল এলচেকে ৩-২ গোলে হারিয়েছে কাতালান ক্লাবটি। সব প্রতিযোগিতা মিলিয়ে তিন ম্যাচ পর জয়ের দেখা পেল বার্সেলোনা।

ফেররান হুতগ্লার গোলে তারা এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন গাভি। দ্বিতীয়ার্ধে এক মিনিটের ব্যবধানে তেতে মরেন্তে ও পেরে মিইয়া গোল করে সমতায় ফিরলেও শেষ দিকে নিকোলাস গনসালেসের লক্ষ্যভেদে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

১৬তম মিনিটে উসমান দেম্বেলের কর্নারে লাফিয়ে নেওয়া হেডে গোল করেন ফেররান হুতগ্লা। এর তিন মিনিট পর একক নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন গাভি। সতীর্থের পাস নিয়ন্ত্রণের নেওয়ার মাঝেই সঙ্গে লেগে থাকা প্রতিপক্ষের একজনকে এড়িয়ে দ্রুত এগিয়ে গেলেন তরুণ এই স্প্যানিয়ার্ড। আরেকজনকে কাটিয়ে ডি-বক্সে ঢুকেই ডান পায়ের কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন ১৭ বছর বয়সী মিডফিল্ডার।

৬২তম মিনিটে ডি-বক্সে ঢুকে ডান পায়ের বুলেট গতির শটে গোলরক্ষককে পরাস্ত করেন মরেন্তো। পরের মিনিটে ডান দিকের বাইলাইন থেকে দূরের পোস্টে দারুণ ক্রস বাড়ান প্রথম গোলদাতা। ফাঁকায় বল পেয়ে বিনা বাধায় হেডে স্কোরলাইন ২-২ করেন পেরে মিইয়া।

শেষ দিকে ডি-বক্সে গাভির পাস ধরে জোরালো শটে দলকে উচ্ছ্বাসে ভাসান নিকোলাস গনসালেস। এই গোলের ব্যবধান ধরে জয় পায় বার্সেলোনা।

লিগে ১৭ ম্যাচে বার্সেলোনার এটি সপ্তম জয়। সঙ্গে ছয় ড্রয়ে ২৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠেছে তারা। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ। ১৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এলচে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.