স্পোর্টস ডেস্ক | ২০ ডিসেম্বর, ২০২১
স্পেনের লা পালমায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য নিজের জার্সি নিলামে তুলছেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
লা পালমা দ্বীপপুঞ্জে অগ্ন্যুৎপাতে সহস্রাধিক মানুষের জনবসতি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাঁচার জন্য বাড়িঘর ছাড়তে হয় বেশিরভাগ মানুষকে। প্রায় তিন হাজারের মতো বাড়িঘর ধ্বংসস্তুপে পরিণত হয়।
তাদের সাহায্য করতে রোনালদো তার সই করা পর্তুগাল দলের একটি জার্সি নিলামে তুলবেন। জার্সিটির বিক্রিলব্ধ অর্থ সরাসরি লা পালমায় ক্ষতিগ্রস্ত মানুষের হাতে তুলে দেওয়া হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল পাইস’ জানিয়েছে, ২৪ ডিসেম্বর এই নিলাম অনুষ্ঠিত হবে। ভক্তরা নিলামে অংশ নিতে পারবেন, জানিয়েছেন স্প্যানিশ সংবাদকর্মী জাভি রদ্রিগেজ।
দেশের হয়ে নিজের যে জার্সি রোনালদো নিলামে তুলবেন, সেখানে তাঁর সই আছে। ক্ষতিগ্রস্ত মানুষের জন্য রয়েছে তার হাতে লেখা একটি বার্তাও, ‘লা পালমাকে আগ্নেয়গিরিও হারাতে পারবে না। সুন্দর দ্বীপটির জন্য আমার সব সমর্থন রইল।’