Sylhet Today 24 PRINT

নদী রক্ষায় নারী ক্রিকেট

সিলেটটুডে ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০২১

নদীর অবাধ প্রবাহ রক্ষা এবং পরিবেশে নারীদের নেতৃত্ব নিশ্চিত করার প্রচারণার অংশ হিসেবে ‘নদীর জন্য নারী’ স্লোগানে নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে ওয়ার্ল্ড উইমেন ফোর্স (ডব্লিউডব্লিউএফ)।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) রাজধানীর উত্তরা ১৩ নম্বর সেক্টর পার্ক মাঠে ওয়াটারকিপারস বাংলাদেশ এবং জিলাটিসিমো-এর সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

বুড়িগঙ্গা, তুরাগ ও শীতলক্ষ্যা, এই তিনটি নদীর নামানুসারে মোট ৩টি নারী ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে।

টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক ও বাপার সাধারণ সম্পাদক শরীফ জামিল।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেন, সামাজিকভাবে চূড়ান্ত অবক্ষয়ের দ্বারপ্রান্তে থাকা বর্তমান বাংলাদেশের নদী এবং নারীরা সবচেয়ে বেশি নিরাপত্তাহীন। একই সাথে নদী ধ্বংসের নেতিবাচক প্রভাবে নারীরাই বেশি বিপন্ন। তাই ’নদীর জন্য নারী’ স্লোগান নিয়ে প্রমীলা ক্রিকেটের আয়োজনে বর্তমান প্রজন্মের মেয়েদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতভাবে নদী রক্ষার আন্দোলনে উৎসাহব্যঞ্জক প্রত্যয় ব্যক্ত করে।

টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্টর- ১৩ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) মো. জাহিদ হোসাইন এবং সামসুল হুদা, সহ-সভাপতি সেক্টর- ১৩ ওয়েলফেয়ার সোসাইটি। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মো. মমতাজুল করিম সাধারণ সম্পাদক ১৩ ওয়েলফেয়ার সোসাইটি, রাসেল পারভেজ ক্রীড়া ও বিনোদন বিষয়ক সম্পাদক ১৩ ওয়েলফেয়ার সোসাইটি, টুর্নামেন্টের সমন্বয়ক এবং গ্লোবাল ল থিংকার্স সোসাইটির প্রেসিডেন্ট অ্যাডভোকেট রাওমান স্মিতা এবং আহসানুল জন, জেনারেল সেক্রেটারি গ্লোবাল ল থিংকার্স সোসাইটি।

মোট তিনটি দলকে নিয়ে টুর্নামেন্টের প্রথম ধাপে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনালে বুড়িগঙ্গা এবং তুরাগ দলদু’টি অংশগ্রহণ করে এবং তুরাগকে বুড়িগঙ্গা ১১ রানে হারিয়ে বিজয় অর্জন করে। সর্বশেষে টুর্নামেন্ট অংশগ্রহণকারী সকল দল এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্ট শেষে অংশগ্রহণকারী সকল খেলোয়াড় এবং অতিথিরা বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন মাহির দাইয়ান- ডেপুটি ডিরেক্টর গ্লোবাল ল থিংকার্স সোসাইটি, হাসিবুল ইসলাম হাসিব এবং মো. রমজান হোসেন রনি ছাড়াও একদল স্বেচ্ছাসেবক। সার্বিক পর্যবেক্ষণে ছিলেন ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর কমিউনিকেশনস অফিসার দেওয়ান নুরতাজ আলম।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.