Sylhet Today 24 PRINT

বেতন বাড়ছে নারী ক্রিকেটারদের

স্পোর্টস ডেস্ক |  ২৫ ডিসেম্বর, ২০২১

জাতীয় নারী দলের ক্রিকেটারদের বেতন নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়। অবশেষে বাড়ছে নারী ক্রিকেটারদের বেতন। শুক্রবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘গত বছর মেয়ে ক্রিকেটারদের বেতন একটা ভালো (বাড়ানো হয়েছিল)… ছেলেদের সঙ্গে তুলনা করলে অবশ্যই অনেক কম। গত বছর ওদের ভালোই বাড়িয়েছিলাম, খুব ভালো নয় যদিও। তবে সাধারণত যা করে থাকি, তার চেয়ে বেশি করেছিলাম।’

তিনি আরও বলেন, ‘এবার আমরা তার চেয়ে অনেক ভালো করার জন্য অনুমোদন দিয়েছি, বিশেষ করে যারা ভালো খেলে। সাধারণত আমরা ১০ থেকে ১৫ শতাংশ বাড়াই। এবার যারা ভালো খেলে, বিশেষ করে এ এবং বি গ্রেডে বেশি বাড়িয়েছি।’

গত বছর এক দফায় বেতন বাড়ানোর পর এ-গ্রেডের ক্রিকেটারদের বেতন দাঁড়িয়েছিল ৬০ হাজার টাকা, বি-গ্রেডের ৪৮ হাজার টাকা, সি-গ্রেডের ৩৬ হাজার ও ডি-গ্রেডের ২৫ হাজার টাকা। অর্জনের ঝুলিটা বেশ ভারী সালমা-রুমানাদের। চলতি বছর প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে টাইগ্রেসরা।

দেশের ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক ট্রফি এসেছিল তাদের হাত ধরেই। ২০১৮ এশিয়া কাপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল ভারতকে হারিয়ে। সেই সঙ্গে সাউথ এশিয়ান গেমসেও সোনা জয় করেন লাল-সবুজের প্রতিনিধিরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.