Sylhet Today 24 PRINT

সানিয়া মির্জা অনেক দামি!

স্পোর্টস ডেস্ক |  ০৩ ডিসেম্বর, ২০১৫

মধ্যপ্রদেশ রাজ্য সরকার সানিয়া মির্জাকে আমন্ত্রণ জানিয়েছিল একটি অনুষ্ঠানে পুরস্কার বিতরণের জন্য। আমন্ত্রণ তিনি গ্রহণও করেছিলেন কিন্তু এর বিনিময়ে চার্টার্ড বিমানে যাতায়াত আর ৭৫ হাজার রুপির সাজগোজের সরঞ্জাম চেয়ে বসাতেই শোরগোল উঠেছে ভারত জুড়ে।

এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ডাবলস তারকা সানিয়াকে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সম্মানই দেখিয়েছিল মধ্যপ্রদেশ সরকার। হায়দরাবাদ থেকে ভূপালে যাতায়াতের জন্য তাঁরা সানিয়াকে দিতে চেয়েছিল ইকোনমি ক্লাসের বিমান টিকিট। ভূপালে তাঁর থাকার ব্যবস্থা হতো রাজকীয়ই—পাঁচ তারকা হোটেলে।

অনুষ্ঠানের সময় সার্বক্ষণিক গাড়িই শুধু নয় বিশেষ সম্মানীর ব্যবস্থাও ছিল তাঁর জন্য। কিন্তু চার্টার্ড বিমান আর ৭৫ হাজার রুপির সাজগোজের সরঞ্জাম দাবি করে বসায় এই টেনিস তারকার ওপর বেজায় ক্ষুব্ধ তারা।

ক্ষুব্ধ মধ্যপ্রদেশ সরকার সানিয়ার এই দাবির পরিপ্রেক্ষিতে তাঁকে এই অনুষ্ঠানের অতিথি করার আর কোনো কারণই অনুভব করেনি। তাঁর বদলে ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা পুলেল্লা গোপিচাঁদকে দিয়েই কাজ সেরেছে তারা। গোপিচাঁদ নাকি একেবারে সানন্দেই গ্রহণ করেছেন মধ্যপ্রদেশ সরকারের আমন্ত্রণ। অতীতে ব্যাডমিন্টন তারকা সানিয়া নেহওয়ালও এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

এ ব্যাপারে মধ্যপ্রদেশ সরকারের ক্রীড়ামন্ত্রী যশোধারা রাজ বলের, ‘সানিয়া বিশ্বের অন্যতম সেরা টেনিস তারকা। আমরা তাঁকে শ্রদ্ধা করি, সম্মান করি। কিন্তু তাঁর চার্টার্ড বিমান ও দামি সাজ সরঞ্জামের দাবি অযৌক্তিক, অন্যায় ও অগ্রহণযোগ্য।’ সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.