Sylhet Today 24 PRINT

করোনার হানা, মাঝপথে পরিত্যক্ত বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

স্পোর্টস ডেস্ক |  ২৮ ডিসেম্বর, ২০২১

ম্যাচের ৩৩তম ওভারে জানা গেল, ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা আম্পায়ারের করোনা পজিটিভ। যুব এশিয়া কাপে এমন অদ্ভূত কাণ্ডে পরিত্যক্ত হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। রানরেটে এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পৌঁছেছে টাইগার যুবারা। সেখানে তাদের প্রতিপক্ষ ভারত।

গ্রুপ 'বি' এর শেষ ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ। ম্যাচ পরিত্যক্ত ঘোষণার আগে বাংলাদেশ দলের সংগ্রহ ছিল ৪ উইকেট হারিয়ে ১৩০ রান। আরিফুল ইসলাম ১৯ ও মোহাম্মদ ফাহিম ২৭ রান নিয়ে অপরাজিত ছিলেন।

এদিন ভালো শুরু হয়নি লাল-সবুজের। দলীয় ৪ রানে ওপেনার ইফতেখার হোসেন ইফতির উইকেট হারায় বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন মাহফুজুল ইসলাম ও প্রান্তিক নওরোজ নাবিল। মাহফুজুল আউট হন ৪ রান করে।

একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৪৫ রান করেন নাবিল। আইচ মোল্লা আউট হন ২৪ রান করে। লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ত্রাভিন ম্যাথিউ ও দুনিথ নেতমিকা। লঙ্কানদের সমান ৫ পয়েন্ট থাকলেও রান রেটের হিসেবে গ্রুপ সেরা নির্বাচিত করা হয়েছে বাংলাদেশকে। সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ গ্রুপ 'এ'র রানার্স আপ ভারত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.