Sylhet Today 24 PRINT

নতুন বছরে নতুন শুরুর আশায় বাংলাদেশের ক্রিকেট

সিলেটটুডে ডেস্ক |  ০১ জানুয়ারী, ২০২২

সময়ের হিসাবে বাংলাদেশ থেকে সাত ঘণ্টা এগিয়ে নিউ জিল্যান্ড। বাংলাদেশ সময় ইংরেজি নতুন বছরের প্রথম দিনে বাংলাদেশ দল যখন স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে তখন টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক গেল বছরের আক্ষেপ-হতাশা ঘুচিয়ে নতুনভাবে শুরুর আশার কথা শুনিয়েছেন।

দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিউ জিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। খেলা শুরু বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়।

গত বছর ৭ টেস্টে বাংলাদেশের জয় ছিল মাত্র ১ ম্যাচে। ৫টিতেই ছিল হার। নিউ জিল্যান্ড যাওয়ার ঠিক আগে পাকিস্তানের সঙ্গেও বাজেভাবে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে হেরেছে ম্যাচের অর্ধেকের বেশি সময় বৃষ্টিতে না খেলা না হওয়ার পরও।

সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে মমিনুল তবু শোনালেন আশার কথা। বললেন, নতুন বছরে আমি খুব রোমাঞ্চিত। আগে কী হয়েছিল, এসব নিয়ে চিন্তা না করে সামনে বছর কীভাবে নতুন করে, সুন্দরভাবে শুরু করা যায়, সেটা নিয়েই ভাবছি। আমি সত্যিই খুব রোমাঞ্চিত। নতুন বছরটা যদি সুন্দর হয়, শুরুটা ভালো হলে তা ধরে রাখা সহজ হয়…।

এই সিরিজে দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান নেই, তামিম ইকবাল দলে নেই বেশ আগে থেকেই, তবু আশাবাদী মমিনুল; ভরসা রাখছেন দলীয় শক্তির সম্মিলিত প্রচেষ্টায়। তিনি বলেন, দল হিসেবে আমাদের খেলাটা... আমাদের যে ধরন, এখানে দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমি সবসময় কথাটা বলি। আমার কাছে মনে হয়, আমরা এখন যেভাবে অনুশীলন করছি ও যেভাবে দেখছি সবাই সবাইকে, আমরা দল হিসেবে যদি খেলতে পারি… ওটার জন্যই রোমাঞ্চ কাজ করছে।

টেস্ট অধিনায়ক আরও বলেন, আমরা যত টেস্ট ম্যাচ জিতেছি, জিততে পেরেছি দল হিসেবে খেলতে পারায়। এখন কেউ যদি একশ করে বা বোলারদের কেউ ৫ উইকেট পায়, কিন্তু আর কেউ ৩-৪ উইকেট না পেলে হবে না। দল হিসেবে খেলতে না পারলে দলীয় ফল আসে না। তখন ব্যক্তিগত অর্জন হবে, দলীয় পারফরম্যান্স হবে না।

ইতিহাস বলছে, নিউ জিল্যান্ডের বিপক্ষে তাদের দেশে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ খেলে সব হেরেছে বাংলাদেশ। টেস্ট হেরেছে ৯টির সবকটি, এর মধ্যে ৫টিই ইনিংস ব্যবধানে। এ প্রসঙ্গে মমিনুলের ভাষ্য, আগের রেকর্ড তো অতীত। এটা নিয়ে ঘাঁটাঘাঁটি করে বা চিন্তা করে লাভও হবে না। আমার কাছে মনে হয়, সামনের ব্যাপার নিয়ে চিন্তা করাই ভালো। আমার কাছে মনে হয়, সবসময় আশাবাদী থাকা বা ভালো চিন্তা করা ভালো। অবশ্যই নিউ জিল্যান্ডে আমাদের চ্যালেঞ্জ থাকবে অনেক। তবে যদি পেছনের কথা চিন্তা করেন বা খারাপ কিছু ভাবেন, তাহলে কোনোভাবেই ভালো ফল আসবে না। আশাবাদী থাকাটাই গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়।

বাংলাদেশ কি পারবে নতুন বছরে পুরনো আক্ষেপ ঘুচিয়ে নতুন ইতিহাসের পথে পা দিতে? অধিনায়ক মমিনুলের ভাষ্যমতে, আমি সবসময়ই আশার কথা বলব। আগের বছর ১০ নম্বরে থেকে শেষ করলেও নতুন বছরে আশার কথাই বলব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.