স্পোর্টস ডেস্ক | ০২ জানুয়ারী, ২০২২
লা লিগার শিরোপার দিকে দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া রিয়াল মাদ্রিদ থামল অবশেষে। নিজেদের মাঠে কার্লো আনচেলত্তির দলকে হারের তেতো স্বাদ দিলো গেতাফে। তবে হারলেও লিগের শীর্ষস্থান হারাতে হচ্ছে না রিয়ালকে। নিকটতম প্রতিদ্বন্দ্বী সেভিয়া থেকে অনেক দূর এগিয়ে তারা।
রোববার রিয়াল ১-০ গোলে হেরেছে গেতাফের কাছে। ম্যাচের শুরুতে একমাত্র গোলটি করেন এনেস উনাল।
এই পরাজয়ে লিগে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকার পর হারল প্রতিযোগিতার সফলতম ক্লাবটি।
ম্যাচের নবম মিনিটেই এদের মিলিতাওয়ের ভুলে গোল হজম করে রিয়াল। দারুণ পাসিং ফুটবলে আক্রমণ শানালেও রিয়ালের ডি-বক্সের মুখে গিয়ে বল হারিয়ে ফেলে গেতাফে। তবে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাও অবিশ্বাস্যভাবে তালগোল পাকালে বল ধরে কোনাকুনি শটে ঠিকানা খুঁজে নেন তুর্কি স্ট্রাইকার উনাল। লিগে ছয় মুখোমুখি লড়াইয়ের পর রিয়ালের জালে বল পাঠাতে পারল গেতাফে।
লিগে এই নিয়ে শেষ তিন রাউন্ডে দুটিতে পয়েন্ট হারাল রিয়াল। কাদিসের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর আথলেতিক বিলবাওয়ের মাঠে ২-১ গোলে জিতে বিরতিতে গিয়েছিল বেনজেমারা।