Sylhet Today 24 PRINT

জয় দিয়ে বছর শুরু বার্সার

স্পোর্টস ডেস্ক |  ০৩ জানুয়ারী, ২০২২

মায়োর্কাকে উড়িয়ে দিয়ে নতুন বছরে শুভ সূচনা পেল বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে রোববার (২ ডিসেম্বর) রাতে ১-০ গোলে জিতেছে জাভির শিষ্যরা। বড়দিনের বিরতির আগে সেভিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল কাতালান ক্লাবটি। করোনার জেরবার বার্সা শিবির। আর তাই ‘বি’ টিমের বেশ কয়েকজনকে নিয়ে দল সাজায় জাভি হার্নান্দেজ।

প্রতিপক্ষের মাঠে বল দখলে শুরু থেকেই দাপট ছিল সফরকারীদের। ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু মায়োর্কার গোলরক্ষকের দৃঢ়তায় সে যাত্রায় গোলবঞ্চিত হন বার্সার ১৭ বছর বয়সী ফরোয়ার্ড ইলিয়াস।

এরপর মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং-এর দুটি শর্ট ক্রসবারে আটকে যায়। তবে তৃতীয় দফায় সফল হন তিনি। তার দারুণ হেড অবশেষে প্রতিপক্ষের জাল খুঁজে পায়। আর ‘ডেডলক’ ভাঙে বার্সেলোনা।

প্রথমার্ধে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার ব্যবধান আরও বাড়ানোর সুযোগ তৈরি হলেও শেষ পর্যন্ত গোলের দেখা পাওয়া যায়নি। অন্যদিকে, ম্যাচের একদম অন্তিম মুহূর্ত তথা ৮৪তম মিনিটে সমতায় ফেরার সুযোগ এসেছিল স্বাগতিক মায়োর্কার। কিন্তু জর্দি এম্বুলার দারুণ হেড গোলপোস্টের ওপর দিয়ে উড়ে যায়।

বার্সার ঘুরে দাঁড়ানোর দিনে হেরেছে রিয়াল মাদ্রিদ। টানা পনেরো ম্যাচে অপরাজিত থাকার পর অবশেষে হারের মুখ দেখল তারা। নতুন বছরের প্রথম ম্যাচ খেলতে নেমেই গেটাফের বিপক্ষে লস ব্লাঙ্কোসরা হেরেছে ১-০ ব্যবধানে।

করোনার থাবায় জেরবার রিয়াল মাদ্রিদ। তরুণ ভিনিসিয়াস জুনিয়র ছাড়াও এদিন একাদশের বাইরে ছিলেন দুই মিডফিল্ডার এডুয়ার্ডো কামাভিঙ্গা ও ফেডরিক ভালভার্দে। তবে করোনা জয় করে দলের সঙ্গে ফিরেছেন গোলরক্ষক থিবো কর্তোয়া, লুকা মদ্রিচসহ আরও বেশ কয়েকজন।

আক্রমণভাগের সেরা তারকাদের নিয়ে খেলতে নামা কার্লো আনচেলত্তির শিষ্যরা যদিও ম্যাচের শুরু থেকেই স্বাগতিক গেটাফের ওপর বেশ চাপ বাড়িয়েছিলেন। তবে প্রথমার্ধেই এনেস উনালের গোলে এগিয়ে যায় গেটাফে। শেষ পর্যন্ত তার গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।

যদিও এ ম্যাচে ভাগ্যও সহায় ছিল না লস ব্লাঙ্কোসদের। ম্যাচের ১৮তম মিনিটে লুকা মদ্রিচের গোলে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু তার জোরালো শর্ট ক্রসবারে আটকে যায়। এরপর টনি ক্রুসও বেশ কয়েকটি সুযোগ মিস করেন।

বছরের প্রথম ম্যাচে হারের পরও ২০ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় শীর্ষেই রয়েছে কার্লো আনচেলত্তির দল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.