Sylhet Today 24 PRINT

কোপা দেল রে থেকে বহিষ্কার রিয়াল

স্পোর্টস ডেস্ক |  ০৪ ডিসেম্বর, ২০১৫

এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা দেনিস চেরিশেভকে খেলানোর অপরাধে কোপা দেল রে থেকে বহিষ্কার করা হয়েছে রিয়াল মাদ্রিদকে।

স্পেনের গণমাধ্যমে শুক্রবার রিয়ালকে কিংস নামে পরিচিত প্রতিযোগিতা থেকে বহিষ্কারের খবরটি আসে।

স্পেনের ফুটবলের তৃতীয় সারির দল কাদিসের বিপক্ষে কোপা দেল রেতে এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকা খেলোয়াড় দেনিস চেরিশেভকে প্রথম একাদশে নামান রাফায়েল বেনিতেস। গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে ধারে খেলার সময় এই টুর্নামেন্টে তিন ম্যাচে হলুদ কার্ড দেখেছিলেন চেরিশেভ। এর পর এ ম্যাচেই তার নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল।

বিষয়টি পরে জানতে পেরে দ্বিতীয়ার্ধের শুরুর দিকে রাশিয়ার এই উইঙ্গারকে মাঠ থেকে তুলে নেন বেনিতেস। বুধবার রাতে সেরা বত্রিশের প্রথম লেগের ম্যাচটি ৩-১ গোলে জেতে রিয়াল। তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেওয়া গোলটিও করেছিলেন চেরিশেভ।

ওই প্রসঙ্গে রিয়াল কোচ পরে জানান, ক্লাব ভিয়ারিয়াল কিংবা চেরিশেভ কেউই ওই খেলোয়াড়ের হলুদ কার্ডের বিষয়টি জানায়নি।

টুর্নামেন্ট থেকে বাদ পড়ার বিষয়ে রিয়াল কর্তৃপক্ষ আপিল করবে বলে জানিয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.