Sylhet Today 24 PRINT

ফাইনালে আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ নারী দল

স্পোর্টস ডেস্ক |  ০৫ ডিসেম্বর, ২০১৫

থাইল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ।

টসে জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশ মাত্র ৩ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১০৫ রান। ১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড লক্ষ্যমাত্রা অর্জন করে। এরজন্যে তাদেরকে হারাতে হয়েছে ৮টি উইকেট। ফলে বিশ্বকাপ বাছাইপর্বের এ ম্যাচে তাদের জয় ২ উইকেটের ব্যবধানে।

বাংলাদেশের হয়ে দারুণ ব্যাটিং করেন ওপেনার নিগার সুলতানা এবং রুমানা আহমেদ। উদ্বোধনী জুটি থেকে শারমিন আখতার আর নিগার সুলতানা ২১ রান তুলে ফেলেন। শারমিন ব্যক্তিগত ৯ রান করে বিদায় নিলেও ওপেনার নিগারের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৪১ রান। ৫৭ বলে দুটি বাউন্ডারিতে নিগার তার ইনিংসটি সাজান।

রানের খাতা খোলার আগে তিন নম্বরে নামা লতা মন্ডল নিজের প্রথম বলেই বিদায় নেন। তবে, চার নম্বরে নেমে দারুণ ব্যাটিং করা রুমানা আহমেদ অপরাজিত থাকেন। ৪৩ বলে একটি বাউন্ডারিতে ৩৮ রান করেন তিনি। ৬ রান করে অপরাজিত থাকেন ফারজানা হক।

আইরিশদের হয়ে তিনটি উইকেটই নেন কিয়ারা মেকাফি।

১০৬ রানের টার্গেটে নেমে আইরিশরা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের ওপেনার শিলিংটন ১২ রান করে রুমানা আহমেদের বলে বোল্ড হয়ে বিদায় নিলেও আরেক ওপেনার সিসিলিয়া জয়েস ৩০ বলে করেন ৩২ রান। রুমানার শিকারে তিনি সাজঘরে ফেরার আগে দুটি চার আর একটি ছক্কা হাঁকান।

নাহিদা আখতার আইরিশ ব্যাটার কিম গ্রাথ (২) আর ক্যাথ ডালটনকে (৫) বোল্ড করে দ্রুত ফিরিয়ে দেন। আইরিশ অধিনায়ক ইসোবেল জয়েসকে (৮) রান আউট করেন টাইগ্রেস দলপতি জাহানারা। দলীয় ৬৬ রানের মাথায় আইরিশরা টপঅর্ডারের পাঁচ ব্যাটারকে হারিয়ে ধুঁকতে থাকে।

সেখান থেকে ২৪ রানের জুটি গড়েন লরা ডিলানি আর গ্যাবি লুইস। ব্যক্তিগত ১১ রান করা লুইসকে রান আউট করেন খাদিজাতুল কুবরা। আইরিশদের স্কোরবোর্ডে আর দুই উঠতেই সালমা নিজের বলে ক্যাচ নিয়ে ফিরিয়ে দেন ম্যারি ওয়ালড্রনকে। রবিন লুইসকেও রান আউট করে ফিরিয়ে দেন ফাহিমা খাতুন-রুমানা আহমেদ।

তবে, ব্যাটিং ক্রিজের আরেক প্রান্ত আগলে রাখেন লরা ডিলানি। শেষ ওভারে আইরিশদের প্রয়োজন হয় ৮ রান, হাতে ছিল দুই উইকেট। সালমা খাতুনের প্রথম বলে দুই রান তুলে নেন লরা। দ্বিতীয় বলেও দুই রান করেন তিনি। তৃতীয় বলে সিঙ্গেল নেন আইরিশ এ ব্যাটার। চতুর্থ বলে সিঙ্গেল নেন ও’রেলি। পঞ্চম বলে এক রান করেন ডিলানি। শেষ বলে এক রান দরকার হয় আইরিশদের। শেষ হাসিটি আইরিশরাই হাসে।

৩৬ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন লরা ডিলানি। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন রুমানা এবং নাহিদা। একটি উইকেট পান সালমা খাতুন। 

এর আগে গ্রুপপর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ থাইল্যান্ডকে ৭৩ রানে হারিয়ে নিজেদের মিশন শুরু করে। পরের ২ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয় পায় জাহানারা আলমের দল। তৃতীয় ম্যাচে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪১ রানের জয় তুলে নেয় টাইগ্রেসরা।

সেমিফাইনালে জিম্বাবুয়ের বিপক্ষে ৩১ রানের জয় পায় লাল-সবুজের বাংলাদেশ।

এরই সঙ্গে নিশ্চিত হয় পরের বছর ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের টিকিট।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.