Sylhet Today 24 PRINT

দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৭২ ওভারে ৭২ রান!

ক্রীড়া প্রতিবেদক |  ০৬ ডিসেম্বর, ২০১৫

ওভার প্রতি ১ রান, ৭২ ওভার খেলে দলীয় সংগ্রহ ২ উইকেটে ৭২! ভাবা যায়? ভাবা না গেলেও দিল্লী টেস্টে  এটাই বাস্তবে মঞ্চস্থ হল। সিরিজের প্রতিটি ম্যাচে ভারতীয় স্পিনে নাকানি চুবানি খেতে থাকা আফ্রিকানদের সামনে প্রায় ২ দিন বাকি থাকতে জয়ের টার্গেট দাঁড়ায় ৪৮১ রান।

যে পিচে ২০০ করাই মুশকিল সেখানে বিশ্ব রেকর্ড গড়ে জয়ের কথা তাই ভাবতেই পারেনি হাশিম আমলার দল। ম্যাচ বাঁচাতে তাই ক্রিকেটের আদিম যুগে ফিরে যাওয়া। মন্থর গতির ক্রিকেটের রেকর্ড করে দিন পার করেছে আফ্রিকানরা। অধিনায়ক হাশিম আমলা অপরাজিত আছেন ২৩ রানে। এই ২৩ রান তুলতে তিনি খরচ করেছেন ২০৭টি বল। অপর প্রান্তে বিশ্ব ক্রিকেটের বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে খ্যাত এভিডি ভিলিয়ার্স অপরাজিত আছেন ১১ রান। মজার কথা হল ১১ রান তুলতে ভিলিয়ার্সের প্রয়োজন হয়েছে ৯১টি বল।

প্রথম ইনিংসে ভারতের করা ৩৩৪ রানের জবাবে মাত্র ১২১ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। পরে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ২৬৭ রান তুলে প্রোটিয়াসদের অগ্নি পরীক্ষায় ফেলে দেয় বিরাট কোহলির ভারত।
সোমবার শেষ দিনে জয়ের জন্য ৪০৯ রান দরকার যদিও সেদিকে মোটেও খেয়াল নেই আমলা-ভিলিয়ার্সদের। আর ভারতের দরকার ৮ উইকেট। ৯০ ওভার থেকে বাকি ৮ উইকেট।
শেষ দিনে আর কত ধর্য্যের পরীক্ষা দেন প্রোটিয়াস ব্যাটসম্যানরা তাই এখন এই টেস্টের মূল আকর্ষণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.