Sylhet Today 24 PRINT

আইপিএলের নিলামে প্রথম দিনে অবিক্রিত সাকিব

সিলেটটুডে ডেস্ক: |  ১২ ফেব্রুয়ারী, ২০২২

আইপিএল নিলামে অবিক্রিত সাকিব। বাংলাদেশের সেরা এই অলরাউন্ডারকে নিতে কোন দলই আগ্রহ দেখালো না। সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।

শনিবার ব্যাঙ্গালুরুতে আইপিএলের মেগা নিলামের তৃতীয় সেটে অলরাউন্ডার ক্যাটাগরিতে নাম ওঠে সাকিবের। তাকে নিতে আগ্রহ দেখায়নি ১০ দলের কেউই।

প্রথম দিনে দল না পেলেও সুযোগ শেষ হয়ে যাচ্ছে না সাকিবের। নিলামের দ্বিতীয় দিনে অবিক্রিত খেলোয়াড়দের আবারও ডাকা হলে কোনো দল প্রয়োজন মনে করলে নিতে পারে তাকে। অথবা দল গঠনের শেষ ধাপে গিয়ে দলগুলোর চাহিদাতেও কোনো খেলোয়াড়কে ফের নিলামে ডাকা হতে পারে।

আগের আসরের আইপিএলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব আল হাসান। তার পারফরম্যান্স ছিল হতাশাজনক। আট ম্যাচে তিনি ব্যাট হাতে করেছিলেন মোটে ৪৭ রান, বল হাতে নিয়েছিলেন কেবল ৪ উইকেট।

এছাড়া অবিক্রিত থেকে গেছেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার, অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ও ভারতের অভিজ্ঞ ক্রিকেটার সুরেশ রায়না। তাদেরকে কিনতেও কোনো দল আগ্রহ দেখায়নি।

এর আগে প্রথম রাউন্ডে সর্বোচ্চ ১২ কোটি ২৫ লাখ রুপিতে ভারতীয় ব্যাটার শ্রেয়াস আইয়ারকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.