Sylhet Today 24 PRINT

মেসির পেনাল্টি মিসের রাতে ত্রাতা এমবাপে

চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টস ডেস্ক |  ১৬ ফেব্রুয়ারী, ২০২২

চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেললেও গোল পাচ্ছিল না পিএসজি। তার উপর লিওনেল মেসির পেনাল্টি মিসে ঘরের মাঠে পয়েন্ট হারানোর শঙ্কায় ফেলেছিল তাদের। কিন্তু শেষ মিনিটের গোলে পিএসজির ত্রাতা হয়ে আবির্ভুব হলেন এমবাপে। তার গোলে জিতেছে ফ্রান্সের দলটি।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে পিএসজি।

চোট কাটিয়ে আড়াই মাস পর মাঠে নেমে দলকে জেতাতে ভূমিকা রাখলেন নেইমারও। এমবাপের দারুণ গোলটিতে দুর্দান্ত ব্যকহিলে পার্শ্বনায়ক তো তিনিই।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬১তম মিনিটে আসে মেসির ওই পেনাল্টি মিসের হতাশা। এমবাপেকে ডি-বক্সে দানি কারভাহাল ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বার্সেলোনার জার্সিতে রিয়ালের বিপক্ষে ২৬ গোল করা আর্জেন্টাইন তারকা এবার পারেননি; তার দুর্বল শট আয়ত্ত্বে পেয়ে বাঁ দিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন কোর্তোয়া।

মেসি-এমবাপেদের ব্যর্থতায় যখন পয়েন্ট হারানোর শঙ্কায় দল তখন ৭৩তম মিনিটে দি মারিয়াকে তুলে নেইমারকে নামান কোচ। মাঠে নামার কয়েক সেকেন্ড পরই মাঝ বরাবর বল নিয়ে দারুণ কারিকুরিতে আক্রমণে ওঠেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বাধ্য হয়ে তাকে ফাউল করেন দাভিদ আলাবা। কিন্তু ২০ গজ দূর থেকে ফ্রি কিক লক্ষ্যে রাখতে পারেননি মেসি।

যোগ করা সময়ের চতুর্থ মিনিটে অবশেষে জয়সূচক গোল। নেইমারের ব্যাকহিলে বল ধরে বাঁ দিক দিয়ে প্রতিপক্ষের দুজনের মধ্যে দিয়ে ডি-বক্সে ঢুকে আরেকজনের বাধা এড়িয়ে দুরূহ কোণ থেকে শট নেন এমবাপে। কোর্তোয়ার পায়ের নিচ দিয়ে বল খুঁজে নেয় ঠিকানা। উল্লাসে ভাসে পিএসজি।

রিয়ালের বিপক্ষে এই নিয়ে টানা তিন ম্যাচ অপরাজিত রইল পিএসজি। ২০১৯-২০ আসরে গ্রুপ পর্বে প্রথম দেখায় ৩-০ গোলে জয়ের পর ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-২ ড্র করেছিল প্যারিসের দলটি।

আগামী ৯ মার্চ তাদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে শেষ ষোলোর ফিরতি লেগ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.