Sylhet Today 24 PRINT

ফিনিশিং দুর্বলতায় ইউরোপায়ও বিবর্ণ বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক |  ১৮ ফেব্রুয়ারী, ২০২২

বল দখল, আক্রমণ সবকিছু হচ্ছিল ঠিকঠাক, কিন্তু প্রতিপক্ষের সীমানায় গিয়ে খেই হারিয়েছে বার্সেলোনা। একের পর এক মিসে ইউরোপা লিগেও বিবর্ণ চিত্রটাই ফুটে উঠল।

বৃহস্পতিবার রাতে কাম্প নউয়ে শেষ ষোলোয় ওঠার প্লে-অফে নাপোলির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাভি হার্নান্দেজের দল।

পিওতর জিয়েলিন্সকির গোলে পিছিয়ে পড়া বার্সেলোনা সমতায় ফেরে ফেররান তরেসের পেনাল্টিতে।

ম্যাচের ২৯তম মিনিটে কাম্প নউয়ের গ্যালারিকে স্তব্ধ করে দিয়ে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ডি-বক্সে এলমাস একজনকে কাটিয়ে খুঁজে নেন পিওতর জিয়েলিন্সকিকে। তার প্রথম শট পা দিয়ে ঠেকিয়ে দেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তবে ফিরতি বল পাল্টা শটে জালে পাঠাতে ভুল করেননি পোলিশ ফরোয়ার্ড। এগিয়ে যায় নাপোলি।

এক গোলে পিছিয়ে পড়ে বিরতিতে যাওয়া বার্সেলোনা সমতায় ফেরে ম্যাচের ৫৯তম মিনিটে। নাপোলির ডি-বক্সে তাদের ডিফেন্ডার জুয়ান জেসুসের হাতে বল লাগলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। নিখুঁত স্পট কিকে সমতা টানেন তরেস।

চ্যাম্পিয়ন্স লিগ থেকে ইউরোপা লিগে নেমে আসা বার্সেলোনার জন্য ঘরের মাঠের এই ফল হতে পারে বড় বিপদের। ইউরোপের দ্বিতীয় সেরা এই প্রতিযোগিতার মূল লড়াইয়ে জায়গা করে নেওয়ার অভিযানে আগামী বৃহস্পতিবার নাপোলির মাঠে মুখোমুখি হবে দল দুটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.