স্পোর্টস ডেস্ক | ২৩ ফেব্রুয়ারী, ২০২২
ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচের ৩২ সেকেন্ডেই গোল করেও জিততে পারল না জুভেন্টাস। আর অন্য ম্যাচে লিলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের দিকে এগিয়ে গেল ইংলিশ ক্লাব চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগে মঙ্গলবার রাতে ভিয়ারিয়াল-জুভেন্টাসের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। অপরদিকে লিলের বিপক্ষে ২-০ গোলে জিতেছে চেলসি।
চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে দুসান ভ্লাহোভিচের গোল করার উপলক্ষ রাঙাতে পারল না জুভেন্টাস। চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে দ্রুততম গোলের রেকর্ড গড়লেন ভ্লাহোভিচ। আগের রেকর্ডটি ছিল সাবেক জার্মান মিডফিল্ডার আন্দ্রেয়াস মোলারের (৩৮ সেকেন্ড)।
আলেস্সান্দ্রো দেল পিয়েরোর (২০ বছর ৩০৮ দিন) পর জুভেন্টাসের দ্বিতীয় কম বয়সী খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকে গোল করলেন সার্বিয়ান স্ট্রাইকার ভ্লাহোভিচ (২২ বছর ২৫ দিন)। ১৯৯৭ সালের অক্টোবরের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথম মিনিটে গোল পেল জুভেন্টাস। সেবার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে গোল করেছিলেন দেল পিয়েরো। আর ২০১৩ সালের এপ্রিলের পর চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বের ম্যাচে দ্রুততম গোল এটি। সেবার জুভেন্টাসের বিপক্ষেই বায়ার্ন মিউনিখের হয়ে ২৫ সেকেন্ডে গোল করেছিলেন ডাভিড আলাবা।
এক গোলে পিছিয়ে পড়া ভিয়ারিয়াল ৬৬তম মিনিটে সমতা টানে। সতীর্থের দারুণ ক্রস ডি-বক্সে পেয়ে প্রথম স্পর্শে বল জালে পাঠান স্প্যানিশ মিডফিল্ডার দানি পারেহো।
চেলসি-লিল
স্ট্যামফোর্ড ব্রিজে মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ২-০ গোলে জিতেছে টমাস টুখেলের চেলসি। কাই হাভার্টজ দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন ক্রিস্টিয়ান পুলিসিক। ইউরোপ সেরার মঞ্চে ফরাসি ক্লাবটির বিপক্ষে এই নিয়ে তিনবারের দেখায় প্রতিবারই জিতল চেলসি। ২০১৯-২০ আসরের গ্রুপ পর্বে দুই লেগেই ২-১ ব্যবধানে জিতেছিল তারা।
২০২০-২১ মৌসুমের শুরু থেকে চ্যাম্পিয়ন্স লিগে এই নিয়ে মোট ১৪ ম্যাচে জাল অক্ষত রাখল চেলসি। যে কোনো দলের মধ্যে যা সর্বোচ্চ।