স্পোর্টস ডেস্ক | ২৮ ফেব্রুয়ারী, ২০২২
আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে দুইশ রানও করতে পারেনি বাংলাদেশ। ৪৬.৫ ওভারে তামিমের দল অলআউট হয় ১৯২ রানে। জয়ের জন্য এখন আফগানিস্তানকে করতে হবে ১৯৩ রান।
এই ম্যাচটি জিতলে ওয়ানডে সুপার লিগের চারে উঠে আসবে আফগানিস্তান। বর্তমানে তারা ৮ ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ৬০ পয়েন্ট নিয়ে সাত নম্বরে অবস্থান করছে। অন্যদিকে, ১৪ ম্যাচে ১০ জয় ও ৪ পরাজয়ে ১০০ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলে শীর্ষস্থান আরও মজবুত হবে। হারলেও খুব একটা প্রভাব পড়বে না।
সকালে হোয়াইটওয়াশের মিশনে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক তামিম। ব্যাট হাতে টাইগারদের শুরুটা ছিল অনেক ধীরগতির। দেখে-শুনেই খেলছিলেন দুই ওপেনার। অবশেষে পাওয়ার প্লের দশ ওভার শেষেফজলহক ফারুকিক করা বলে সাজঘরে ফেরেন তামিম। আউট হওয়ার আগে করেন ১১ রান।
এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ওপেনার লিটন দাস এবং বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান মিলে তুলেন ৬১ রানের জুটি। এ সময় মনে হচ্ছিল বড় সংগ্রহের দিকেই যাচ্ছে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। কিন্তু ব্যক্তিগত ৩০ রানে সাকিব আউট হওয়ার পর হুট করেই আরও দুই উইকেট হারায় স্বাগতিকরা। ৭ রানে মুশফিক এবং ১ রানে আউট হন রাব্বি।
পরে আপনতালে খেলতে থাকা লিটন কুমার দাস ব্যক্তিগত ফিফটি করার পর এগোচ্ছিলেন টানা দ্বিতীয় সেঞ্চুরির পথে। কিন্তু কিন্তু মোহাম্মদ নবির বলে গুলবাদিন নায়েবের হাতে ক্যাচ তুলে দিলে সেঞ্চুরি পূর্ণ করা হয়নি লিটনের। আউট হওয়ার আগে করেছেন ৮৬ রান।
কিছুক্ষণ পর মাত্র ৫ রান করে আউট হন আফিফ হোসেন। এরপর শূন্যরানে তাসকিন, ৭ রানে শরিফুল এবং ১ রান করে আউট হন মোস্তাফিজুর রহমান। আর ২৯ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ।