Sylhet Today 24 PRINT

যুদ্ধের মাঠে শেরিফ তিয়াসপোলের কোচ

স্পোর্টস ডেস্ক |  ০২ মার্চ, ২০২২

ইউরি ভেরনিদুব (মাঝে)

গত সেপ্টেম্বরে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সাড়া ফেলেছিল মদোভার ক্লাব শেরিফ তিরাসপোল। চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবারের মতো খেলতে এসেই রিয়ালের মাঠে ২–১ গোলে জিতে ফিরেছিল। সেই দলটির কোচ কোচ ইউরি ভেরনিদুব এবার রাশিয়ার বিপক্ষে লড়ছেন যুদ্ধের মাঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ মুহূর্তে একটি ছবি ভাসছে। ইউক্রেন সেনাবাহিনীর পোশাকে সহযোদ্ধাদের সঙ্গে দাঁড়িয়ে আছেন ভেরনিদুব। দেখাচ্ছেন বিজয়সূচক ‘ভি’ চিহ্ন। অর্থাৎ এবার রাশিয়ার বিপক্ষে জয়ের পালা!

২০০০ সালে অবসরে যাওয়ার পর কোচিং পেশায় নামেন ভেরনিদুব। ইউক্রেনের ঘরোয়া ফুটবলে ২০০১ থেকে ২০১১ পর্যন্ত সহকারী এবং অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালনের পর জোয়রা লুহানস্কের দায়িত্ব নিয়ে প্রধান কোচের ক্যারিয়ার শুরু করেন। বেলারুশ প্রিমিয়ার লিগের ক্লাব শাখতায়ার সলিগোরস্ক ঘুরে ২০২০ সালে শেরিফ কোচের দায়িত্ব পান। মলদোভার প্রথম ক্লাব হিসেবে শেরিফ চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পেয়েছে তার হাত ধরে।

ইউক্রেনের উত্তরাঞ্চলের শহর জায়তোমোরে ১৯৬৬ সালে জন্ম ভেরনিদুবের। দেশটিতে রাশিয়ার হামলার ষষ্ঠ দিন চলছে। ভেরনিদুব ঘরে বসে থাকতে পারেননি। সংবাদমাধ্যম জানিয়েছে, ৫৬ বছর বয়সী এই কোচ ইউক্রেনের ‘সীমান্তরক্ষা’ কার্যক্রমে যোগ দিয়েছেন। তবে দেশটির খেলাধুলার অঙ্গন থেকে ভেরনিদুবই প্রথম ব্যক্তি হিসেবে যুদ্ধে যোগ দেননি। মুষ্টিযুদ্ধে হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন ওলেক্সান্দার ইউজেকও কিয়েভের সীমান্তে যুদ্ধে যোগ দিয়েছেন। পাউন্ড ফর পাউন্ড মুষ্টিযুদ্ধের তারকা ভাসিলি লোমাচেঙ্কোও অস্ত্র তুলে নিয়েছেন হাতে। মেশিনগান হাতে তাকে যুদ্ধে দেখা গেছে।

ইউক্রেনের দুই তারকা মুষ্টিযোদ্ধা ওয়ালদিমির ও ভিতালি কিটিশেঙ্কোও যুদ্ধে যোগ দিয়েছেন। ৪৫ বছর বয়সী ভিতালি ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ছিলেন।

ভেরনিদুব যুদ্ধে যোগ দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার ছবি ভাইরাল হয়েছে। শেরিফের পেরুভিয়ান সেন্টারব্যাক গুস্তাভো দুলান্তো সমর্থন জানিয়েছেন কোচের প্রতি, ‘ইউক্রেনে যাওয়া আমার কোচ ইউরির প্রতি ঈশ্বর সহায় হোন।’

গত বৃহস্পতিবার যুদ্ধ শুরুর পর পরিবার নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করে ভেরনিদুব বলেছিলেন, ‘আমার স্ত্রী, সন্তান, নাতি ও ভাইবোন আছে। তাদের সুস্বাস্থ্য কামনা করি, আশা করি যুদ্ধের আঁচ যেন না লাগে। রাশিয়া আক্রমণ করলেও আমার দেশের মানুষ যেভাবে লড়াই করছে, তাতে আমি গর্বিত।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.