Sylhet Today 24 PRINT

আগ্রহ না থাকলে খেলো না: সাকিবকে পাপন

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মার্চ, ২০২২

আন্তর্জাতিক ক্রিকেট খেলার মতো মানসিক ও শারীরিক অবস্থায় নেই বলে জানিয়েছেন সাকিব আল হাসান। এ কারণে দক্ষিণ আফ্রিকা সফরে না গিয়ে বিশ্রাম জানান অভিজ্ঞ এই অলরাউন্ডার। এমনকি আফগানিস্তানের বিপক্ষের সিরিজটিও নাকি তিনি উপভোগ করেননি। ওই সিরিজে নিজেকে যাত্রী মনে হয়েছে তার কাছে, কিন্তু সাকিব সব সময় চালেকের আসনে থাকতে চান।

সব মিলিয়ে ক্রিকেটটা এই মুহূর্তে উপভোগ করছেন না বলে জানিয়েছেন বাংলাদেশ অলরাউন্ডার। সাকিবের এমন বক্তব্যে বেজায় চটেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার প্রশ্ন, খেলার আগ্রহ না থাকলে কেন খেলছেন সাকিব?

ক্ষুব্ধ বিসিবি সভাপতি সাকিব প্রসঙ্গে বলেন, 'সাকিব বলছে আফগানিস্তান সিরিজে ওয়ানডে, টি-টোয়েন্টি কোনোটাই সে উপভোগ করেনি। এটা নাকি সে উপভোগই করেনি। আমরা যে জিতলাম সিরিজটা ওটাও উপভোগ করেনি, টি-টোয়েন্টি প্রথমটা জিতলাম, তার মানে এটাও উপভোগ করেনি? কেন '

'সে যদি অক্ষম থাকে, ইচ্ছা না করে, সে বলতো আমি খেলব না। সমস্যাটা কোথায়? খেলা শেষ হয়ে যাওয়ার পরে যদি বলে, আমি উপভোগ করিনি, আগ্রহ নেই; খেলায় কোনো আগ্রহ পাচ্ছি না, মোটিভেশন নাই, কোথাও যেন মোটিভেশনের বাংলা আগ্রহ লিখেছে দেখেছি। এসব না থাকলে খেলছো কেন?' যোগ করেন বিসিবি সভাপতি।

খেলতে না চাইলে সাকিবকে সেটা বলে দেওয়ার পরামর্শ নাজমুল হাসানের। তিনি বলেন, 'আমি একটা জিনিস বুঝলাম না, আমাদেরকে বলো। কারও না কারও কাছে তো বলতে হবে যে, আমার এখন খেলার প্রতি কোনো আগ্রহ নেই, খেলো না। না বলে খেলবে, তারপর আবার এসব কমেন্ট করবে, এটা তো কোনোভাবেই…।'

মানসিকভাবে বিপর্যস্ত থাকার ব্যাপারটি বিসিবির কাউকে সাকিব জানিয়েছেন কিনা, এমন প্রশ্নের নাজমুল হাসান বলেন, 'এটা কীভাবে জানব, কে জানে? আচ্ছা মানসিকভাবে বিপর্যস্ত থাকলে আইপিএল খেলতে চাচ্ছিল কী জন্য? মানসিকভাবে বিপর্যস্ত থাকলে তো বলতো আমি আইপিএলও খেলব না। আমি মেলাতে পারছি না। ধরেন আইপিএলে ওকে নেওয়া হলো, তখন কি ও বলতো মানসিকভাবে বিপর্যস্ত? জিনিসটা আমার মাথাতেই ঢুকছে না।'

কাউকে জোর করে খেলাতে চায় না বিসিবি। নাজমুল হাসান বলেন, 'আমাকে যদি জিজ্ঞস করেন, আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র খেলোয়াড় আছে, আমি চাই সবাই খেলুক। কিন্তু খেলবে কি খেলবে না, এটা তো ওদের সিদ্ধান্ত। কেউ যদি খেলতে না চায়, কাউকে জোর করছি না আমরা। এ কথা তো আমি বারবার বলে দিয়েছি। বারবার বলছি ভাই তোমরা যদি কেউ কোনো ফরম্যাট খেলতে না চাও, আগাম জানিয়ে দাও। আগাম, তাতে যেন আমরা পরিকল্পনা করতে পারি।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.