Sylhet Today 24 PRINT

কাতার বিশ্বকাপেও দর্শক ইতালি

স্পোর্টস ডেস্ক |  ২৫ মার্চ, ২০২২

গেল বিশ্বকাপের বাছাইপর্ব উৎরাতে পারেনি চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। এবারও ঘটল একই ঘটনা। প্লে-অফে নর্থ মেসিডোনিয়ার কাছে হেরে গেছে তারা। শেষ সময়ের গোল হজমে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বাদ পড়ল তারা। ফলে রাশিয়া বিশ্বকাপের মতো কাতার বিশ্বকাপেও দর্শক হয়ে থাকতে হচ্ছে ইতালিকে।

প্লে-অফের ‘সি’ গ্রুপে ‘সেমি-ফাইনাল’ নামের প্রথম ধাপে বৃহস্পতিবার রাতে নর্থ মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরেছে তারা।

ম্যাচের ৯২তম মিনিটে নর্থ মেসিডোনিয়ার হয়ে জয়সূচক গোল করেন আলেকজান্ডার ত্রাজকভস্কি।

অপর ম্যাচে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে পথে এগিয়ে গেছে পর্তুগাল। পাঁচদিন পর খেলবে পর্তুগাল ও নর্থ মেসিডোনিয়া মুখোমুখি হবে। ওই ম্যাচের বিজয়ী দল পাবে বিশ্বকাপের টিকেট।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছিল ইতালি। ১৯৫৮ আসরের পর সেবার প্রথমবারের মত বিশ্বসেরার মঞ্চে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয় চারবার বিশ্বকাপ জয়ী দলটি।

কাতার বিশ্বকাপের বাছাইয়ে ভালোভাবেই শীর্ষে থেকে লক্ষ্য পূরণের পথে ছিল ইতালি। কিন্তু শেষ ম্যাচে নর্দার্ন আয়ারল্যান্ডের সঙ্গে গোলশূন্য ড্র করে গ্রুপ সেরা হতে ব্যর্থ হয় তারা। ২০১৮ সালে রবের্তো মানচিনি দায়িত্ব নেওয়ার পর থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ানো ইতালির সরাসরি বিশ্বকাপের টিকেট না পাওয়াটা কিছুটা বিস্ময়করই। বাছাইপর্ব ছাড়াও ২০২০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপেও দুর্দান্ত নৈপুন্য দেখিয়েছিল তারা। জিতে নেয় শিরোপাও।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.