Sylhet Today 24 PRINT

মিরপুর টেস্ট: বৃষ্টির বাধা কাটিয়ে খেলা শুরু ৪টায়

স্পোর্টস ডেস্ক |  ২৫ মে, ২০২২

লাঞ্চ বিরতির ঠিক আগ মুহূর্তে নামা বৃষ্টিতে ভেসে যায় মিরপুর টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের খেলা। এখন মাঠ থেকে সরিয়ে ফেলা হয়েছে কাভার। ৪ ঘণ্টা অপেক্ষার পর বিকাল চারটায় শুরু হবে খেলা। আলো থাকার সাপেক্ষে ৬টা পর্যন্ত চলবে আজকের দিনের খেলা।

লাঞ্চ বিরতির আগে সকালের সেশনে মোট ২৪.১ ওভার খেলা হয়েছে। রান হয়েছে কেবল ৬৭। ২ উইকেট তুলে সকালের সেশনে এগিয়ে বাংলাদেশ। শ্রীলঙ্কা এখনো ১৫৫ রানে পিছিয়ে। ৭০.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করেছে শ্রীলঙ্কা। অবিচ্ছিন্ন জুটিতে ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনঞ্জয় ডি সিলভা।

এর আগে দিনের খেলা শুরু হতেই দলকে সাফল্য এনে দেন এবাদত হোসেন। দিনের দ্বিতীয় বলেই নাইটওয়াচম্যান রাজিথাকে বোল্ড করে সাজঘরের পথ দেখালেন। ১২ রানে ফিরলেন তিনি। এরপর লঙ্কান অধিনায়ক দিমুখ করুনারত্নকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন সাকিব আল হাসান। রাউন্ড দ্যা উইকেট থেকে বাঁহাতি এই ওপেনারকে বোল্ড করেন তিনি। ৮০ রানে সাজঘরে ফিরেছেন করুণারত্নে। সাকিব পেয়ে গেলেন নিজের দ্বিতীয় উইকেট।

এর আগে মুশফিক-লিটন দাসের রেকর্ড গড়া ইনিংসে বাংলাদেশ প্রথম ইনিংস করেছে ৩৬৫ রান। মুশফিকুর রহিম দলের পক্ষে সর্বোচ্চ ১৭৫ রানের অসাধারণ ইনিংস উপহার দিয়ে অপরাজিত থাকেন। এছাড়া লিটন কুমার খেলে ১৪১ রানে ইনিংস।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.