Sylhet Today 24 PRINT

তৃতীয় দিনশেষে ৮৩ রানে এগিয়ে বাংলাদেশ

সিলেটটুডে ডেস্ক |  ২৫ মে, ২০২২

বৃষ্টিবিঘ্নিত ঢাকা টেস্টের তৃতীয় দিনটা নিজেদের হাতে রেখে শেষ করল বাংলাদেশ। এবাদতের উইকেটে দিন শুরুর পর শেষ করেছেন সাকিব আল হাসান। দিন শেষে পাঁচ উইকেটের খরচায় শ্রীলঙ্কার সংগ্রহ ২৮২ রান।

এখনও প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে ৮৩ রানে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা। দিন শেষে ৫৮ রানে অপরাজিত আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। তাকে ১০ রানে সঙ্গ দিচ্ছেন দিনেশ চান্ডিমাল।

বুধবার ২২২ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করা লঙ্কানরা দিনের শুরুতে হারায় কাসুন রাজিথাকে। দিনের প্রথম ওভারের দ্বিতীয় বলে তাকে বোল্ড করেন এবাদত হোসেন।

এরপর উইকেটের একপ্রান্ত আগলে সেঞ্চুরির দিকে ব্যাট চালাতে শুরু করা দিমুথ করুনারত্নেকে ফেরান সাকিব। দুর্দান্ত এক আর্ম বলে বিভ্রান্ত হয়ে স্টাম্প হারান লঙ্কান দলপতি।

মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৮০ রান। এর মধ্য দিয়ে ১৬৪ রানে চতুর্থ উইকেটের পতন ঘটে শ্রীলঙ্কার।

বেলা ১২টায় মিরপুরের বৃষ্টির বাধায় বন্ধ হয়ে যায় খেলা। সেই সময় ঘোষণা করা হয় মধ্যাহ্ন বিরতিও। ৪০ মিনিট বিরতির জন্য নির্ধারিত থাকলেও বৃষ্টি না থামায় মাঠে নামা হয়নি ক্রিকেটারদের। বৃষ্টিতে ধুয়ে যায় পুরো দ্বিতীয় সেশনের খেলাও।

বৃষ্টি থামার পর ২টা ৩৮ মিনিট থেকে শুরু হয় মাঠের কভার সরিয়ে নেয়ার প্রক্রিয়া। মোট ৪ ঘণ্টা বন্ধ থাকার পর বিকেল ৪টায় শুরু হয় তৃতীয় সেশন।

খেলা শুরুর পর দৃঢ় হাতে উইকেট আগলে রানের চাকা সচল রাখেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও ধনঞ্জয়া ডি সিলভা। ১০০ রানের জুটি গড়ার পথে দুই জন তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।

দলীয় ২৬৬ রানে সাকিবের বলে ডি সিলভা ধরা দেন উইকেটের পেছনে। উইকেটের পেছনে থাকা লিটন দাস ও মাহমুদুল জয়ের আপিলে আম্পায়ার সায় না দিলে রিভিউয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক মুমিনুল হক।

সেই রিভিউ থেকে ডি সিলভাকে হারায় শ্রীলঙ্কা। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে আসে ৫৮ রান। দিনের বাকিটা সময় কাটিয়ে দেন ম্যাথিউস ও দিনেশ চান্ডিমাল মিলে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.