Sylhet Today 24 PRINT

টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল পরামর্শক শ্রীধরন শ্রীরাম

সিলেটটুডে ডেস্ক |  ১৯ আগস্ট, ২০২২

বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট (পরামর্শক) পদে নিয়োগ দেওয়া হয়েছে ভারতীয় কোচ শ্রীধরন শ্রীরামকে। অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শ্রীরামের সঙ্গে বিসিবির চুক্তি।

শুক্রবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ সম্মেলনে এ কথা জানান।

বোর্ড সভাপতি বলেন, “শ্রীরামকে আমরা শর্টলিস্ট করেছিলাম, সে ওই লিস্টে ছিল। সে আমাদের এখানে ২১ তারিখ দুপুরবেলা আসার কথা। দায়িত্ব ঠিক না, মানে কোচ হিসেবে আসছে না। সে অবশ্যই হেড কোচ হিসেবে আসছে না। সে আসছে টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত।”

পাপন আরও বলেন, “কতগুলো বিবেচনায় তাকে আনা হয়েছে। যেহেতু আইপিএলের সঙ্গে তার সম্পৃক্ততা আছে। আমরা এমন কাউকে চাচ্ছিলাম যার সঙ্গে টি-টোয়েন্টির সম্পৃক্ততা আছে, অভিজ্ঞতা আছে। আর যেহেতু খেলা অস্ট্রেলিয়ায়, সে অস্ট্রেলিয়ায় অনেক দিন কাজ করেছে। এই দুটি কারণে তাকে আমরা বিশ্বকাপ পর্যন্ত নিয়েছি।”

ভারতের হয়ে ৮টি ওয়ানডে খেলা শ্রীধরন অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন। আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের কোচ ছিলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.