Sylhet Today 24 PRINT

বার্সার খেলোয়াড়রা ‘অনন্য’

স্পোর্টস ডেস্ক |  ২১ ডিসেম্বর, ২০১৫


রিভার প্লেটকে হারিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জয়ের পর বার্সেলোনা কোচ লুইস এনরিকে তার ‘অনন্য’ শিষ্যদের প্রশংসায় ভাসিয়েছেন।

জাপানের ইয়োকোহামায় নিশান স্টেডিয়ামে রোববার ৩-০ গোলে জেতে বার্সেলোনা। দলকে জেতাতে জোড়া গোল করেন লুইস সুয়ারেস, বাকি গোলটি করেন লিওনেল মেসি।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, “পঞ্চম শিরোপা নিয়ে বছর শেষ করা-এটা ছিল আমাদের পরিষ্কার লক্ষ্য।”

প্রথম দল হিসেবে ক্লাব বিশ্বকাপে তিনটি শিরোপা জয়ের ইতিহাস গড়া বার্সেলোনা এ বছর স্পেনের লা লিগা, কোপা দেল রে, চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপিয়ান সুপার কাপের পর ক্লাব বিশ্বকাপ জিতল।

ক্লাব বিশ্বকাপ জয়ের পুরো কৃতিত্ব শিষ্যদের দেন এনরিকে। 

“এই খেলোয়াড়রা অনন্য। মানুষের পক্ষে সর্বোচ্চ পর্যায়ের প্রতিভাবান তারা।”

“গুরুত্বপূর্ণ হচ্ছে যেভাবে তারা শিরোপা জেতে; শিরোপার সংখ্যাটা বড় নয়।”

এনরিকের কণ্ঠে সুর মেলান বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউও।

“এই দলের জেতায় ক্লান্তি নেই। এই খেলোয়াড়দের নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত।”

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.