স্পোর্টস ডেস্ক | ২৬ আগস্ট, ২০২২
প্রত্যাশিতভাবেই উয়েফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার উঠেছে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড করিম বেনজেমার হাতে। গত মৌসুমের ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি মিলল তার এর মাধ্যমে।
ক্লাব সতীর্থ থিবো কোর্তোয়া ও ম্যানচেস্টার সিটির কেভিন ডে ব্রুইনেকে পেছনে ফেলে উয়েফা বর্ষসেরা ফুটবলার হলেন রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড। টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের বর্ষসেরা ফুটবলার হয়েছেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস।
বৃহস্পতিবার রাতে ইস্তানবুলে চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হয়।
প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ৩৪ বছর বয়সী বেনজেমা। আগের মৌসুমে ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলে পারফরম্যান্সের বিচারে পুরস্কারটি দেওয়া হয়ে থাকে। গতবার জিতেছিলেন চেলসির মিডফিল্ডার জর্জিনিয়ো।
গত মৌসুমে রিয়ালের রেকর্ড ১৪তম চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান ছিল বেনজেমার। মাদ্রিদের ক্লাবটিতে নিজের পঞ্চম ইউরোপ সেরা ট্রফি জিততে তিনি গোল করেন আসরের সর্বোচ্চ ১৫টি। এর মধ্যে দুটি হ্যাটট্রিকসহ ১০টি গোল নকআউট পর্বে। স্বীকৃতিস্বরূপ ফরাসি স্ট্রাইকার নির্বাচিত হন ২০২১-২২ চ্যাম্পিয়ন্স লিগের মৌসুম সেরা খেলোয়াড়ও।
গতবার রিয়ালের লা লিগা জয়েও বড় অবদান রেখে বেনজেমা করেন আসরের সর্বোচ্চ ২৭ গোল। এছাড়া ক্লাবের স্প্যানিশ সুপার কাপ জয়ের পথে তিনি একবার করে জালের দেখা পান সেমি-ফাইনাল ও ফাইনালে। মাদ্রিদের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে করেন ৪৪ গোল।
পুরস্কারটির বিবেচিত সময়ে জাতীয় দলেও ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন বেনজেমা। গত বছরের অক্টোবরে উয়েফা নেশন্স লিগের ফাইনালে স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। চার দলের সেমি-ফাইনালসের শেষ চার ও শিরোপা লড়াইয়ে গোল করেছিলেন বেনজেমা।
পরের মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে তিনি গোল করেন তিনটি। ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় উঠে যান শীর্ষ পাঁচে।
প্রথম খেলোয়াড় হিসেবে মেয়েদের বর্ষসেরার পুরস্কার টানা দুইবার জিতলেন পুতেয়াস। গত মৌসুমে বার্সেলোনার ঘরোয়া তিনটি শিরোপা জয়ে তার ছিল বড় অবদান। সব প্রতিযোগিতা মিলিয়ে এই স্প্যানিশ মিডফিল্ডার করেন ৩৪ গোল।
২০২১-২২ মৌসুমে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারলেও ১১ গোল করে আসরের সর্বোচ্চ স্কোরার ছিলেন পুতেয়াস। ঘরোয়া লিগে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ গোল করেন তিনি।
জাতীয় দল স্পেনের প্রথম খেলোয়াড় হিসেবে ১০০ ম্যাচ খেলার কীর্তি গড়েন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়। তবে চোটের কারণে খেলতে পারেননি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে।