স্পোর্টস ডেস্ক | ২৬ আগস্ট, ২০২২
চ্যাম্পিয়ন্স লিগের ২০২২-২৩ মৌসুমের ড্র সম্পন্ন হয়েছে।
ইস্তাম্বুলে বৃহস্পতিবার এবারের চ্যাম্পিয়নস লিগের ড্র অনুষ্ঠানে একই গ্রুপে বার্সেলোনার সঙ্গে পড়েছে আরও দুই সাবেক চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ ও ইন্টার মিলান। গতবারও বায়ার্নের গ্রুপে পড়ে সর্বস্বান্ত হয়েছিল বার্সেলোনা, শেষমেশ জায়গা হয়েছিল ইউরোপা লিগে।
এদিকে, তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে রিয়াল মাদ্রিদ। তাদের গ্রুপসঙ্গী শাখতার দনেস্ক, আরবি লিপজিগ ও সেল্টিক। শাখতার এনিয়ে টানা তিনবার রিয়ালের গ্রুপে পড়ল।
বার্সেলোনা, বায়ার্ন আর ইন্টার মিলে জিতেছে চ্যাম্পিয়নস লিগের ১৪টি শিরোপা। এর মধ্যে বায়ার্নের শিরোপাই বেশি, জার্মানির ক্লাবটির ট্রফি-কেসে শোভা পাচ্ছে ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ৬টি ট্রফি। বার্সেলোনা জিতেছে ৫টি ট্রফি। আর ইন্টার মিলানের ট্রফি-কেসে চ্যাম্পিয়নস লিগের ট্রফি ৩টি।
এদিকে, রিয়ালের গ্রুপের চারদলের মধ্যে দুইদল মিলে সর্বোচ্চ ১৫ বার ইউরোপ সেরার শিরোপা জিতেছে, তার মধ্যে রিয়াল একাই ১৪ বার, আর সেল্টিক জিতেছিল একবার।
কোন গ্রুপে কোন দল
গ্রুপ ‘এ’
আয়াক্স আমস্টারডাম, লিভারপুল, নাপোলি, রেঞ্জার্স
গ্রুপ ‘বি’
পোর্তো, আতলেতিকো মাদ্রিদ, লেভারকুসেন, ব্রুগা
গ্রুপ ‘সি’
বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, প্লজেন
গ্রুপ ‘ডি’
আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহাম, স্পোর্টিং লিসবন, মার্শেই
গ্রুপ ‘ই’
এসি মিলান, চেলসি, সালজবুর্গ, দিনামো জাগরেব
গ্রুপ ‘এফ’
রিয়াল মাদ্রিদ, লিপজিগ, শাখতার, সেল্টিক
গ্রুপ ‘জি’
ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন
গ্রুপ ‘এইচ’
পিএসজি, জুভেন্টাস, বেনফিকা, ম্যাকাবি হাইফা
আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে গ্রুপ পর্ব। শেষ হবে ২ নভেম্বর- ৯ সপ্তাহের মধ্যে; এর আগে যা হতো ১২ সপ্তাহে। সাধারণত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ হতো ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে। তবে এবার বিশ্বকাপ ২০ নভেম্বর শুরু হয়ে চলবে ১৮ ডিসেম্বর পর্যন্ত।
নকআউট পর্ব ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে শেষ হবে ১৫ মার্চ। কোয়ার্টার-ফাইনাল হবে এপ্রিলে আর সেমিফাইনাল মে মাসে।
আর ফাইনাল হবে ২০২৩ সালের ১০ জুন, ইস্তানবুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে।