Sylhet Today 24 PRINT

চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়নের মতো শুরু

স্পোর্টস ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২২

চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ইউরোপ সেরা প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের মতোই শুরু করেছে।

মঙ্গলবার স্কটিশ ক্লাব সেল্টিকের বিপক্ষে ৩-০ গোলে জয়ে পেয়েছে স্প্যানিশ ক্লাবটি।

বর্তমান চ্যাম্পিয়নরা গতবারের মতো শুরু করেনি, গত আসরে নতুন ক্লাব শেরিফ তিয়াসপুলের সঙ্গে হার দিয়ে শুরু করেছিল আসর। তবে শেষ পর্যন্ত সবাইকে অবাক করে দিয়ে একেক পর প্রত্যাবর্তনের গল্প লিখে শিরোপ জিতেছিল কার্লো আনচেলত্তির দল। এবারের আসরে দলটিকে ফেভারিট ভাবা হচ্ছে না ঠিক, তবে দলটির কোচ ফেভারিট না ভাবায় নিজেদের সুবিধা হিসেবেই দেখছেন।

প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের বিপক্ষে ম্যচের প্রথমেই লিড নিতে পারত সেল্টিক, কিন্তু রিয়ালের সঙ্গে ভুল করার খেসারত দিতে হয়েছে তাদের।

গোলশূন্য থেকে দ্বিতীয়ার্ধের খেলা শুরু করে দল দুটি। এ পর্যায়ে এসে আর কোনো ছাড় দেয়নি আনচেলত্তির শিষ্যরা। আক্রমণের ধার বাড়ায় ইউরোপের সফলতম ক্লাবটি।

৫৬তম মিনিটে ম্যাচের প্রথম গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে। ফেদেরিকো ভালভার্দের কাছ থেকে বল পেয়ে দারুণ শটে লক্ষ্যভেদ করেন তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস।

ম্যাচের সময় যখন এক ঘণ্টা, তখন ব্যবধান দ্বিগুণ করেন লুকা মড্রিচ। বক্সের ভিতরে সতীর্থের কাছ থেকে বল পেয়ে সেল্টিকের ডিফেন্ডারদের কাটিয়ে বল জালে জড়ান ক্রোয়েশীয় এ মিডফিল্ডার। এতে করে ২-০তে দাঁড়ায় ম্যাচের স্কোরলাইন।

৭৭তম মিনিটে ব্যবধান বাড়িয়ে ৩-০তে পরিণত করেন এডেন হ্যাজার্ড। দীর্ঘদিন পর তিনি গোলের দেখা পেলেন। দানি কার্ভাহালের সুন্দর এক পাস থেকে হাফ ভলিতে বল জালে পাঠান বেলজিয়ান এই ফরোয়ার্ড।

ম্যাচ শুরুর আধা ঘণ্টার মাথায় হাঁটুর চোট নিয়ে মাঠ ছাড়েন দলের বর্ষসেরা ফুটবলার কারিম বেনজেমা। তার বদলি হয়ে মাঠে নামেন এডেন হ্যাজার্ড।

এমন জয়ের দিনে বেনজেমার চোটে পড়া ছাড়া দুর্ভাগ্যজনক আর কিছু ঘটেনি রিয়ালের। চ্যাম্পিয়নস লিগে দারুণ জয় দিয়ে মৌসুম শুরু করেছে দলটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.