স্পোর্টস ডেস্ক | ০৭ সেপ্টেম্বর, ২০২২
ফরাসি লিগ ওয়ানের জয়ের ধারা বজায় রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। সদ্য শুরু হওয়া উয়েফা চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে জুভেন্টাসের বিপক্ষে জয় পেয়েছে মেসি-নেইমারদের দল।
পার্ক দ্য প্রিন্সেসে স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এমবাপের জোড়া গোলে জুভেন্টাসকে ২-১ গোলের ব্যবধানে হারায় ফরাসি জায়ান্ট পিএসজি।
গ্রুপ পর্বের নিজেদের প্রথম খেলায় দুর্দান্ত শুরু করে পিএসজি। খেলা শুরুর পাঁচ মিনিটের মধ্যেই লিড নেয় ক্রিস্তোফ গলতিয়ের দল। নেইমারের কাছ থেকে বল পেয়ে জুভেন্টাসের জালে জড়াতে ভুল করেননি ফরাসি তারকা এমবাপে।
ম্যাচের শুরুতে পিএসজি গোল পেলে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ইউভেন্তাস। ১৯তম মিনিটে দারুণ সু্যোগ পেয়েও কাজে লাগাতে পারেনি ইতালির ক্লাব জুভেন্টাস। আরকাদিউস মিলিকের দুর্দান্ত হেড ঠেকিয়ে দেন পিএসজির গোলকিপার জিয়ানলুইগি ডোনারুম্মা।
এর মিনিট তিনেক পরই ব্যবধান বাড়ান এমবাপে। আশ্রাফ হাকিমির কাছ থেকে বল পেয়ে দারুণ শটে নিজের জোড়া গোল করেন পিএসজির এ তরুণ ফরোয়ার্ড। এতে করে ২-০ গোলে লিড নিয়ে বিরতিতে যায় মেসি-নেইমার বাহিনী।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কিছু সময়ের মধ্যে গোলের ব্যবধান কমায় জুভেন্টাস। ৫৩তম মিনিটে ওয়েস্টন ম্যাককনির গোলে স্কোরলাইন দাঁড়ায় ২-১- এ। পরবর্তী সময়ে দুই দলের কেউই গোল করতে না পারায় জয় নিয়ে মাঠ ছাড়েন দারুণ ছন্দে থাকা মেসি-নেইমার-এমবাপেরা।