Sylhet Today 24 PRINT

এশিয়া কাপ: টানা দুই হারে ফাইনালের আশা শেষ ভারতের!

স্পোর্টস ডেস্ক |  ০৭ সেপ্টেম্বর, ২০২২

এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা। রুদ্ধশ্বাস ম্যাচে ৬ উইকেটে জয় পেয়েছে লঙ্কানরা। শুধু কি শ্রীলঙ্কা জিতল? সুপার ফোরে দুই জয়ে ফাইনাল অনেকটা নিশ্চিত করে ফেলল শ্রীলঙ্কা। অন্যদিকে টানা দুই পরাজয়ে ভারতের ফাইনালে ওঠার আশা প্রায় শেষ হয়ে গেল।

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রান তাড়ায় নেমে দুর্দান্ত সূচনা করে শ্রীলঙ্কা।

ম্যাচের উদ্বোধনী জুটিতে ৯৭ রান তোলে শ্রীলঙ্কা। এরপর এই রানেই দুই উইকেট হারায়। ফিরে যান পাথুম নিসানকা ও চারিথ আসালঙ্কা। এরপর ১১০ রানে হারায় আরও দুই উইকেট। ফিরেন দানুস্কা গুনাথিলাকা ও কুশাল মেন্ডিস। ৯৭-১১০ অর্থাৎ মাত্র ১৩ রানের ব্যবধানে চার-চারটি উইকেট হারিয়ে ছন্দপতন ঘটে সিলভারউডের শিষ্যদের।

এরপর জুটি বাঁধেন ভানুকা রাজাপাকসে ও দাসুন শানাকা। তাদের দুজনের ব্যাটে জয়ের বন্দরের দিকে এগিয়ে যায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত তারা দুজন ৩৪ বলে ৬৪* রান তুলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

এর আগে, এশিয়া কাপের সুপার ফোরে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস ভাগ্য সহায় হয়নি ভারতের। টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা।

শানাকার সিদ্ধান্ত যথার্থ প্রমাণ করেন লঙ্কান বোলাররা। মাত্র ১২ রান তুলতেই ২ উইকেট হারায় ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে থিকশানার ঘূর্ণিতে এলবিডব্লিউ হন লোকেশ রাহুল (৬)। রিভিউ নিয়েও কাজ হয়নি। পরের ওভারেই বিরাট কোহলি ফিরেন শূন্য রানে। এর পর দলের জন্য ঢাল হয়ে দাঁড়ান রোহিত শর্মা। সূর্যকুমার যাদবকে নিয়ে লম্বা ইনিংস খেলেন তিনি। রোহিত ব্যক্তিগত ৭২ রানে ফিরেন।

এরপর যাদব ৩৪ রান, হার্ডিক পান্ডিয়া ১৭, ঋষভ পান্ত ১৭, দিপক হুদা ৩, ভুবনেশ্বর কুমার ০, রবিশচন্দন অশ্বিন ১৫ ও অর্শদ্বীপ সিং ১ রান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.