Sylhet Today 24 PRINT

নিয়ম রক্ষার ম্যাচে মুখোমুখি ভারত-আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক |  ০৮ সেপ্টেম্বর, ২০২২

এশিয়া কাপে সুপার ফোরের পঞ্চম ম্যাচ হয়ে গেছে নিয়মরক্ষার। বৃহস্পতিবার রাত ৮টায় অপ্রত্যাশিত বিদায়ের গ্লানি নিয়ে দুবাইয়ে নামছে ভারত, তাদের প্রতিপক্ষ পাকিস্তানের কাছে শেষ ওভারে হেরে হৃদয় ভাঙা আফগানিস্তান। এই ম্যাচের ফলাফল চলমান এশিয়া কাপে কোনো পরিবর্তন আনতে না পারলেও জয় দিয়েই শেষ করতে চায় দু’দল।

নিয়ম রক্ষার ম্যাচটিতে পরিষ্কার ফেভারিট হিসেবেই মাঠে নামছে ভারত। গ্রুপ পর্বে অসাধারণ পারফরম্যান্স করা রোহিত শর্মার দল সুপার ফোরে এসে খেই হারিয়ে ফেলে। পাকিস্তানের বিপক্ষে হারের পর শ্রীলঙ্কার বিপক্ষেও তীরে এসে তৈরি ডুবিয়ে বসে তারা।

যার ফলে এশিয়া কাপের মঞ্চ থেকে প্রায় ছিটকে যাওয়া অবস্থায় ছিল দলটি। রোহিতদের ভাগ্য অপেক্ষায় ছিল আফগানিস্তান-পাকিস্তান ম্যাচের ওপর। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে হার দেখা আফগানিস্তানের সামনে সমীকরণ ছিল জিততে হবে বাবরদের বিপক্ষে।

ম্যাচটি প্রায় জিতেই নিচ্ছিল আফগানিস্তানও। তবে পাকিস্তানের ১০ নম্বর ব্যাটসম্যান নাসিম শাহের টানা দুই ছয়ে চোখের জলে বিদায় নিতে হয় আফগানিস্তানকে। মোহাম্মদ নবিদের বিদায়ে ভারতকেও এক ম্যাচ আগেই দেশের ফ্লাইট বুকিং করতে বাধ্য করা হয়।

ভারত অবশ্য এই ম্যাচ জিতে এশিয়া কাপের বিদায় জয়ে শেষ করতে চায়। আফগানিস্তানও ভারতকে হারিয়ে বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসের চূড়ায় উঠতে চায়। শেষ পর্যন্ত কী হয়, জানা যাবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠেয় রাত ৮টার ম্যাচে।

এখন পর্যন্ত ৩বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে ভারত ও আফগানিস্তান। সবগুলোতেই জিতেছে ভারত। সর্বশেষ গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে আফগানদের ৬৬ রানে হারিয়েছিল ভারত। এশিয়া কাপে দু’বার মুখোমুখি হয় ভারত ও আফগানিস্তান। এশিয়া মঞ্চে একবার জয় পায় ভারত। অন্যটি টাই হয়। ২০১৮ সালের এশিয়া কাপে দুবাইয়ে ভারত-আফগানদের ম্যাচটি টাই হয়েছিল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.