Sylhet Today 24 PRINT

সাফ জয়ী মেয়েদের ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা

স্পোর্টস ডেস্ক |  ২০ সেপ্টেম্বর, ২০২২

প্রথমবারের মতো সাফ ফুটবলের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দলের এই সাফল্যে আনন্দের জোয়ারে ভাসছে পুরো দেশ।  সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ক্রীড়া মন্ত্রণালয়ের।

এ ব্যাপারে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল সাংবাদিকদের বলেন, ‘নারী ফুটবল দল দেশকে যে সাফল্য এনে দিয়েছে তা অবিস্মরণীয়। এটা বাংলাদেশের জন্য গর্বের। তারা অপরাজিত চ্যাম্পিয়ন। সবাইকে আন্তরিক অভিনন্দন। আমাদের ফুটবলার সানজিদা আক্ষেপ করে বলেছিল যে হয়তো তাদের ছাদখোলা কোনো বাসে সংবর্ধনা দেওয়া হবে না। তারপরও তারা দেশের জন্য শিরোপা জিততে চায়। তার এ আক্ষেপ আমরা ঘোচানোর চেষ্টা করব।’

ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা এরই মধ্যে যোগাযোগ শুরু করেছি। আমরা আশা করছি দ্রুত একটি ছাদখোলা বাসের ব্যবস্থা করব। এয়ারপোর্টে সংবর্ধনা দিয়ে ছাদখোলা বাসে করে আমরা তাদের বাফুফে ভবনে নিয়ে যাব।’

এদিকে দীর্ঘ অপেক্ষার পর স্বপ্ন পূরণ হয়েছে বাংলাদেশের। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে লাল-সবুজের দল। গতকাল সোমবার স্বাগতিক নেপালের মেয়েদের ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জেতেন সাবিনা-কৃষ্ণারা।

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে প্রথমার্ধেই দুই গোল আদায় করে নেয় বাংলাদেশ। আর দ্বিতীয়ার্ধের শেষ দিকে পায় তৃতীয় গোল। শামসুন্নাহার জুনিয়র একটি ও কৃষ্ণা রানী সরকার দুটি করে গোল করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.