নিজস্ব প্রতিবেদক | ০২ অক্টোবর, ২০২২
শুরুটা হয়েছে চ্যাম্পিয়ানদের মতোই। থ্যাইল্যাণ্ডকে একেবারে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জয়ে স্বভাবতই ফুরফুরে জ্যোতিরা। এবার সামনে পাকিস্তান। সোমবার সকালে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
পাকিস্তানও দারুণ সুচনা করেছে টুর্ণামেন্টে। রোববার সকালে মালদ্বীপকে ৯ উইকেটে হারিয়েছে তারা। শক্তিমত্তার বিচারে থাইল্যান্ড থেকে অনেক এগিয়ে পাকিস্তান। টি২০ তে দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানও বাংলাদেশের জন্য সুখকর নয়। ফলে টুর্ণামেন্টের দ্বিতীয় ম্যাচে এসে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখেই পরতে হবে বাংলাদেশকে।
যদিও প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের সাম্প্রতিক পারমরম্যান্সই ধরে রাখার দিকে মনোযোগি বাংলাদেশের মেয়েরা। এমনটিই জানালেন অলরাউন্ডার রোমানা আহমেদ।
পাকিস্তানের সাথে মাঠে নামার আগে রোববার সকালে সিলেট স্টেডিয়ামে অনুশীলন করে বাংলাদেশ দল। অনুশীলন শেষে রোমানা আহমেদ বলেন, এবার ভালো প্রস্তুতি নিয়েই এসেছি আমরা। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে পাকিস্তানের সঙ্গে বেশ কিছু ম্যাচ খেলেছি আমরা। সাম্প্রতিক সময়ে আমরা জয়ের মধ্যেই আছি। সবমিলিয়ে ওদের সঙ্গে খেলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
সাম্প্রতিক সময়ে জয়ের ধারাবাহিকতায় থাকলেও পাকিস্তানের সাথে টি২০’র রেকর্ড একেবারেই নাজুক সালমা-জ্যোতিদের। ক্রিকেটের এই সংক্ষিপ্ত সংস্করণে দুইদল ১৫ বার মুখোমুখি হয়ে বাংলাদেশের জয় মাত্র একটিতে।
তবে পরিসংখ্যান নিয়ে উদ্বিগ্ন নন রোমানা। বরং শক্তির জায়গা দেখানোর প্রত্যয় তার কণ্ঠে। রোমানা বলেন, আমরা তো আমাদের শক্তির জায়গা দেখবো। আমরা শক্তভাবেই এগোচ্ছি। শেষ কয়েকটা টুর্নামেন্টে আমাদের মেয়েরা অনেক ভালো করেছে। ইনফ্যাক্ট বড় কিছু অর্জন করার লক্ষ্য আমাদের। আমরা শক্তভাবে এগোচ্ছি, এটুকু বলতে পারি আমাদের মেয়েরা ভালো করছে। সামনের ম্যাচগুলোতে আরও ভালো করবে।
শেষ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর কথা মনে করিয়ে দিয়ে রোমানা বলেন, শেষ বিশ্বকাপে আমরা ওদের হারিয়েছি। ওদের মাটিতেই টি-টোয়েন্টিতে হারিয়েছে। বেশ কিছু অর্জন আছে ওদের বিপক্ষে। শেষ অনেকদিন ওদের কাছে হারিনি। এবার আমাদের মেয়েরা অবশ্যই ভালো কিছু করবে। শেষ এশিয়া কাপেও আমরা ভালো করেছি। এখানেও আমরা খুব সিরিয়াস। মাঠে সেরাটাই দেবো।
ঘরের মাঠে নিজেদের সেরাটা দেয়ারা কথা জানিয়ে রোমানা বলেন, আমরা আমাদের অ্যাটাকেই চলবো। সর্বশেষ ওয়ানডেতে হারিয়েছি ওদের। এখন টি-টোয়েন্টিতে নিজেদের সেরাটা দেবো। হার-জিত এটা খেলার পর বোঝা যাবে, কিন্তু আমরা নিজেদের সেরাটা দেবো।
এই মাঠে ১৪০ হলেই ম্যাচ জেতা সম্ভব জানিয়ে রোমানা বলেন, এখানে স্কোর করার মতো অনেক সুযোগ আছে। এখানে যদি ১৪০ করতে পারে তাহলে সহজ হয়ে যাবে আমাদের জন্য।
মাঠে সেরাটা দেয়ার প্রত্যয় রোমানাদের কণ্ঠে। সাম্প্রতিক পারম্যান্সও সাহস জোগাচ্ছে তাদের। আর পাকিস্তানের পক্ষে আছে পরিসংখ্যান। সর্বশেষ সাক্ষাতে পরাজয়ের প্রতিশোধ নিতে তাতিয়ে আছে তারাও। সবমিলিয়ে একটি জমজমাট লড়াইয়ের আশা করা যেতেই পারে। সোমবার সকাল ৯ টায় সিলেট ক্রিকেট স্টেডিয়মের গ্রাউন্ড-২ তে শুরু হবে এবারের এশিয়া কাপের প্রথম এই ‘বড় ম্যাচ’।