স্পোর্টস ডেস্ক | ০২ অক্টোবর, ২০২২
ম্যানচেস্টার ডার্বিতে যে প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা ছিল তার কিছুই হয়নি। একতরফা ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েছে ম্যানচেস্টার সিটি।
ইতিহাদ স্টেডিয়ামে এরিক তেন হাগের দলকে নিয়ে যেন ছেলেখেলা খেলল পেপ গার্দিওয়ালার দল। ম্যাচে গোল হয়েছে ৯টি, তারমধ্যে ৬ গোল ম্যান সিটির, বাকি ৩ গোল ম্যান ইউনাইটেডের।
ম্যানচেস্টার সিটির পক্ষে হ্যাটট্রিক করেছেন আর্লিং হালান্ড ও ফিল ফোডেন। ম্যানচেস্টার ইউনাইটেডের পক্ষে জোড়া গোল করেছেন অ্যান্থনি মার্সিয়াল, অপর গোলটি করেছেন অ্যান্থনি।
আট বছর পর নগর প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে আবারও লিগে টানা তিন ম্যাচ জিতল সিটি। ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৪ সালের নভেম্বর পর্যন্ত টানা চারটি ডার্বি জিতেছিল তারা।
এই জয়ে ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৮ ম্যাচে ২০, সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।
৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।