স্পোর্টস ডেস্ক | ০৩ অক্টোবর, ২০২২
প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখানো বাংলাদেশ দল দ্বিতীয় ম্যাচে এসে ব্যাটিং ব্যর্থতার মুখে পড়েছে। পাকিস্তানের বিপক্ষে মাত্র ৭০ রানে থেমেছে প্রথম ইনিংস।
সোমবার সিলেটে নারী এশিয়া কাপে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৭০ রান।
মাত্র ৩ রানেই প্রথম সারির ৩ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। অবশ্য ব্যাট হাতে ধারাবাহিক সফল দলীয় অধিনায়ক নিগার সুলতানা দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ১৭ রানে তিনি নিদা দারের কাছে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
দলের বিপর্যয়ে হাল ধরেন সিনিয়র সদস্য সালমা খাতুন। তিনি শেষ পর্যন্ত ২৯ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন।
আবহাওয়া খারাপ থাকার কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কিছু সময় বন্ধ ছিল। বাংলাদেশ ১৭.৩ ওভারে ৭ উইকেটে ৫৮ রান নিয়ে আবার মাঠে নামে। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আর ১২ রান যোগ করেই গুটিয়ে যায় তাদের ইনিংস।
পাকিস্তানের নিদা দার ও ডায়না বেগ দুটি করে উইকেট পান। একটি করে উইকেট পান সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহাইল।