Sylhet Today 24 PRINT

পাকিস্তান বধ হলো না, বাংলাদেশের হার ৯ উইকেটে

স্পোর্টস ডেস্ক |  ০৩ অক্টোবর, ২০২২

শেষ বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর কথা মনে করিয়ে দিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটার রোমানা পাকিস্তান-বধের স্বপ্নের কথা বলেছিলেন। বলেছিলেন, শেষ বিশ্বকাপে আমরা পাকিস্তানকে হারিয়েছি। শেষ এশিয়া কাপেও আমরা ভালো করেছি। এখানেও আমরা খুব সিরিয়াস। মাঠে সেরাটাই দেবো। তবে সিলেটে তার কিছুই হয়নি।

বাংলাদেশ নারী ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে হেরে গেছে ৯ উইকেটের ব্যবধানে। বাংলাদেশের করা ৭০ রানের জবাবে বাংলাদেশ লক্ষ্য অতিক্রম করে মাত্র ১ উইকেট হারিয়ে।

আগের ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ দল। পাকিস্তানও তাদের প্রথম ম্যাচ জিতেছিল মালদ্বীপের বিপক্ষে। এই ম্যাচের মতো সে ম্যাচেও ব্যবধান ছিল ৯ উইকেটের।

সোমবার সিলেট ক্রিকেট স্টেডিয়মের গ্রাউন্ড-২-এ টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ মাত্র ৭০ রান।

মাত্র ৩ রানেই প্রথম সারির ৩ উইকেটের পতন ঘটে স্বাগতিকদের। অবশ্য ব্যাট হাতে ধারাবাহিক সফল দলীয় অধিনায়ক নিগার সুলতানা দলের বিপর্যয় কাটানোর চেষ্টা করেন। তবে ব্যক্তিগত ১৭ রানে তিনি নিদা দারের কাছে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

দলের বিপর্যয়ে হাল ধরেন সিনিয়র সদস্য সালমা খাতুন। তিনি শেষ পর্যন্ত ২৯ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন।

আবহাওয়া খারাপ থাকার কারণে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ কিছু সময় বন্ধ ছিল। বাংলাদেশ ১৭.৩ ওভারে ৭ উইকেটে ৫৮ রান নিয়ে আবার মাঠে নামে। তবে বাকি ব্যাটারদের ব্যর্থতায় আর ১২ রান যোগ করেই গুটিয়ে যায় তাদের ইনিংস।

পাকিস্তানের নিদা দার ও ডায়না বেগ দুটি করে উইকেট পান। একটি করে উইকেট পান সাদিয়া ইকবাল ও ওমাইমা সোহাইল।

জবাব দিতে নেমে ভালো শুরু করে পাকিস্তান। ৭.৩ ওভারে ৪৯ রানে এসে পড়ে প্রথম উইকেট। সালমা খাতুনের বলে ১৪ রান করে আউট হন মুনিবা আলী। এরপর দ্বিতীঊ উইকেট জুটিতে প্রয়োজনীয় রান সংগ্রহ করেন সিদরা আমিন (৩৬) ও বিসমা মারুফ (১২)।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.