স্পোর্টস ডেস্ক | ০৫ অক্টোবর, ২০২২
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচে অজেয় যাত্রা চলছে বায়ার্ন মিউনিখের। ইউরোপ সেরা প্রতিযোগিতার গ্রুপ পর্বে টানা ৩১ ম্যাচ জিতেছে জার্মান ক্লাবটি। রেকর্ড ভেঙেছে তারা রিয়াল মাদ্রিদের। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল। রিয়ালের অপরাজিত থাকার রেকর্ড ভাঙতে বায়ার্ন মিউনিখ যাত্রা শুরু করেছিল ২০১৭-১৮ মৌসুমে সেল্টিকের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে। এই ৩১ ম্যাচের মধ্যে বায়ার্ন মিউনিখ জিতেছে ২৮টি, ড্র করেছে ৩টি।
আজ বায়ার্নের শিকার চেক ক্লাব ভিক্টোরিয়া প্লজেন। ম্যাচে ৫-০ গোলে জিতেছে বায়ার্ন। জোড়া গোল করেছেন লেরয় সানে। একটা করে গোল সাদিও মানে, সার্জ ন্যাব্রি ও এরিক চোপো-মোটিংয়ের।
এবারের আসরে এনিয়ে দুইবার ৫ গোলের ব্যবধানে হারল প্লজেন। বার্সেলোনার বিপক্ষে তাদের হারের ব্যবধান ছিল ৫-১; ইন্টার মিলানের বিপক্ষে হেরেছে তারা, ব্যবধান ছিল ২-০।
টানা তিন ম্যাচ হেরে গ্রুপের সর্বনিম্ন অবস্থানে প্লজেন, অন্যদিকে টানা তিন জয়ে গ্রুপ শীর্ষে বায়ার্ন মিউনিখ। ইন্টার মিলান ও বার্সেলোনার বিপক্ষে জার্মান চ্যাম্পিয়নদের জয় ২-০ ব্যবধানে।
আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২১ মিনিটের মধ্যেই ৩ গোল করে প্লজেনকে কোনঠাসা করে ফেলে বায়ার্ন। জামাল মুসিয়ালার পাস থেকে লেরয় সানের প্রথম গোল ম্যাচের ৭ মিনিটে। মিনিট পাঁচেক পরে লেওন গোরেৎস্কার পাস থেকে ব্যবধান বাড়ান সার্জ ন্যাব্রি। সাদিও মানে ৩-০ করেন ম্যাচের ২১ মিনিটে।
বিরতির আগে আর গোল হয়নি, তবে বায়ার্নের দাপট ছিল একই রকম। ৫০ মিনিটে মানের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটা করে সানে। ৫৯ মিনিটে আবার গোরেৎস্কার পাস, এবার প্লজেনের জালে বল পাঠান মুসিয়ালার বদলি নামা চোপো-মোটিং। ব্যবধান পরে আর বাড়াতে পারেনি বায়ার্ন। তাতে সম্ভবত প্লজেনই স্বস্তির নিশ্বাসই ফেলেছে।
বুন্দেসলিগায় ৮ ম্যাচে মাত্র ৪ জয় নিয়ে পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে আপাতত বায়ার্নকে অপ্রতিরোধ্যই লাগছে। টানা তিন জয়ে নিজেদের গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার পথেও অনেকটা এগিয়ে আছে ইউলিয়ান নাগলসমানের দল।
রাতে অপর ম্যাচে বার্সেলোনাকে ১-০ ব্যবধানে হারিয়ে গ্রুপের দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্টার মিলান। বার্সেলোনা রয়েছে ফের ইউরোপা লিগে অবনমনের শঙ্কায়।