Sylhet Today 24 PRINT

জাভির দাবি বার্সার সঙ্গে ‘অবিচার’ হয়েছে

স্পোর্টস ডেস্ক |  ০৫ অক্টোবর, ২০২২

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্যায়ের ম্যাচ থেকে ফের বিদায়ের শঙ্কা জেগেছে বার্সেলোনার। বায়ার্ন মিউনিখের বিপক্ষে হারের পর ইন্টার মিলানের পর হেরে গেছে তার দল। গতরাতের ম্যাচে তাদের বিপক্ষে ‘অবিচার’ হয়েছে এমনই দাবি বার্সেলোনা কোচের।

মঙ্গলবার রাতের ম্যাচে ইন্টারের কাছে ১-০ গোলের ব্যবধানে হেরেছে বার্সা। তবে জালে কিন্তু একবার বল জড়িয়েছিল জাভির শিষ্যরাও।

৬৬তম মিনিটে করা পেদ্রির সে গোল আনসু ফাতির হ্যান্ডবলের কারণে বাতিল হয়ে যায়। অথচ তবে ভিডিও রিপ্লেতে দিয়ে দেখা যায়, ফাতির হ্যান্ডবল একেবারেই অনিচ্ছাকৃত, এড়ানোর উপায় ছিল না।

এখানেই শেষ নয়। অতিরিক্ত সময়ে ইন্টারের বক্সে ডিফেন্ডার ডেঞ্জেল ডামফ্রিসের হাতে বল লাগলে পেনাল্টির আবেদন জানায় বার্সা। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে সে আবেদন নাকচ করে দেন রেফারি।

এ দুই ঘটনায় রাগ, ক্ষোভ ঝেড়েছেন ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে। এমন সিদ্ধান্তের ব্যাখ্যাও চেয়েছেন মাঠে দায়িত্বরত রেফারির কাছে। জাভি বলেন, ‘আনসু হ্যান্ডবল করলেও গোলটা করেছে অন্য একজন। এটা গোল। কিন্তু বাতিল করে দেওয়া হলো। আরেকটি সিদ্ধান্তও বুঝতে পারিনি। খোলাখুলি বলছি, এটা অবিচার। রেফারির মুখ খোলা উচিত।’

তিনি আরও বলেন, ‘যা দেখেছি, রাগ লাগছে। এটা অবিচার। গত সোমবারও বলেছি আবারও বলছি, রেফারিদের নিজেদের সিদ্ধান্ত ব্যাখ্যা করতে হবে। কারণ আমি কিছুই বুঝিনি। ম্যাচ শেষে রেফারি আমাকে এ নিয়ে কিছু বলতে চাননি। কিন্তু তাদের কথা বলতে হবে। যে সিদ্ধান্ত নিজে দিইনি, তা নিয়ে আমি কথা বলতে পারি না।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.