Sylhet Today 24 PRINT

ক্লাব ফুটবলে রোনালদোর ৭০০ গোল

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২২

গুডিসন পার্কে ম্যানচেস্টার ইউনাইটেড আর এভারটন যখন ১-১ গোলে সমতায় তখন দলের প্রয়োজনের মুহূর্তে আরও একবার গোল করে জেতালেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল করে ম্যাচ জেতানো পুরো ক্যারিয়ারে বেশিরভাগ সময়ই করেছেন রোনালদো, কিন্তু এই গোলের বিশেষত্ব অন্য; এটা যে তার ক্লাব ফুটবল ক্যারিয়ারের ৭০০তম গোল, যে গোলের অপেক্ষায় ছিলেন অনেকদিন।

গত মৌসুম দুর্দান্ত কাটানো রোনালদোর এবারের মৌসুম ভালো কাটছে না। বেশিরভাগ সময় স্থান হচ্ছে বেঞ্চে। এভারটনের বিপক্ষে এই ম্যাচেও তাই। তবে অ্যান্থনি মার্শিয়ালের ইনজুরিতে প্রথমার্ধেই নামা হয়েছে মাঠে তার। এবং নেমে ক্যারিয়ারের মাইলফলকের গোল করলেন।

মার্শিয়ালের বদলি নেমেছিলেন তিনি ম্যাচের ২৯তম মিনিটে, আর জয়সূচক এবং রেকর্ড গোলটি করেন ম্যাচের ৪৪তম মিনিটে।

এবারের প্রিমিয়ার লিগে সাত ম্যাচে রোনালদোর প্রথম গোল এটি, আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে ১০ ম্যাচে দ্বিতীয় গোল।

৩৭ বছর বয়সী রোনালদো ৭০০ গোলের মাইলফলক ছুঁলেন ৯৪৫ ম্যাচে। বিবিসির তথ্য অনুযায়ী, ৬৯১ গোল নিয়ে তার পরে আছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

রোনালদো প্রথম গোলটি করেছিলেন স্পোর্তিং সিপির হয়ে। সেই গোলের ২০ বছর ২ দিন পর পৌঁছে গেলেন সাতশর ঠিকানায়। তার এই ৭০০ গোলের ৫টি স্পোর্তিংয়ের জার্সিতে। এ ছাড়া রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, জুভেন্টাসের হয়ে ১০১ ও ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ১৪৪টি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.