Sylhet Today 24 PRINT

অ্যান্থনি-রোনালদোয় জয়ে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২২

ম্যানচেস্টার ডার্বিতে নাস্তানাবুদ হওয়া ইউনাইটেড এভারটনের বিপক্ষে জয় পেয়েছে। শুরুতে পিছিয়ে পড়া ম্যানচেস্টার ইউনাইটেডকে অ্যান্থনি সমতায় ফেরানোর পর জয়ের ফেরালেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

রোববার রাতে এভারটনের গুডিসন পার্কে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে জিতেছে ইউনাইটেড। আলেক্স আইওবির গোলে শুরুতেই পিছিয়ে পড়ার পর সমতা টানেন অ্যান্থনি। পরে জয়সূচক গোলটি করে প্রথম ফুটবলার হিসেবে ক্লাব ফুটবলে ৭০০ গোলের মাইলফলক স্পর্শ করেন রোনালদো।

ম্যাচেরপঞ্চম মিনিটে দূর থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন আইওবি। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি ইউনাইটেড। গোছাল আক্রমণে ১৫তম মিনিটে সমতায় ফেরে তারা। অ্যান্থনি মার্সিয়ালের থ্রু বল ধরে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে গোলটি করেন অ্যান্থনি। গ্রীষ্মের দলবদলের শেষ দিকে আয়াক্স ছেড়ে ইউনাইটেডে যোগ দেওয়া অ্যান্থনি প্রিমিয়ার লিগে তিন ম্যাচ খেলে সবকটিতে জালের দেখা পেলেন।

রোনালদোকে এই ম্যাচেও বেঞ্চে রাখেন কোচ এরিক টেন হাগ। কিন্তু ম্যাচের ২৯তম মিনিটে মার্সিয়ালের চোটে পর্তুগিজ ফরোয়ার্ডকে নামিয়ে দেন কোচ। সুযোগটা দারুণভাবে কাজে লাগান রোনালদো। কাসেমিরোর থ্রু বল ধরে অনেকটা এগিয়ে বক্সে ঢুকে নিখুঁত কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। পূর্ণ হয় তার ক্লাব ক্যারিয়ারে ৭০০ গোল। গত মৌসুমে ক্লাবের সর্বোচ্চ গোলদাতার চলতি মৌসুমে এটি মাত্র দ্বিতীয় গোল, প্রিমিয়ার লিগে প্রথম!

টানা দুই হারে আসর শুরুর পর টানা চার ম্যাচ জিতেছিল ইউনাইটেড। পরে হেরে বসে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, ৬-৩ গোলে। এবার আবার জয়ের পথে ফিরল দলটি।

আট ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে ইউনাইটেড। এক ম্যাচ বেশি খেলা এভারটন ১০ পয়েন্ট নিয়ে আছে ১২ নম্বরে।

দিনের আরেক ম্যাচে লিভারপুলকে ৩-২ গোলে হারিয়ে শীর্ষে ফিরেছে আর্সেনাল, ৯ ম্যাচে তাদের পয়েন্ট ২৪। সমান ম্যাচে ১ পয়েন্ট কম নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.