Sylhet Today 24 PRINT

কষ্টের জয়ে শীর্ষে ফিরল বার্সা

স্পোর্টস ডেস্ক |  ১০ অক্টোবর, ২০২২

লা লিগায় রোববার (৯ অক্টোবর) রাতে সেল্টা ভিগোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানদের হয়ে একমাত্র গোলটি করেন মিডফিল্ডার পেদ্রি। এই জয়ে টেবিলের শীর্ষে ফিরল বার্সেলোনা।

লা লিগায় সেল্টা ভিগোর মুখোমুখি হয়েছিল বার্সেলোনা। ক্যাম্প ন্যুতে শুরুতেই দারুণ ফুটবল উপহার দেয় কাতালানরা। ১০ মিনিটে রাফিনিয়ার শট রুখে দেন সেল্টার গোলকিপার মার্চেসিন। এরপর ১৭ মিনিটে গোলের দেখা পায় বার্সা। প্রতিপক্ষের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান পেদ্রি।

গোল হজমের পর মরিয়া হয়ে ওঠে সফরকারীরা। ৩৩ মিনিটে সমতায় ফেরার ভালো একটি সুযোগও পেয়ে যায় তারা। কিন্তু কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে সুবর্ণ সুযোগ নষ্ট করেন সেল্টা ভিগোর অস্কার রদ্রিগেস। ইয়াগো আসপাসের পাস ডি-বক্সে ফাঁকায় পেয়ে বাইরে মারেন তিনি।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ছন্দহীন ফুটবল খেলতে থাকে দুদল। শেষদিকে আসপাসের একটি শট ঠেকান বার্সা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তাদের আরেকটি প্রচেষ্টা বাধা পায় পোস্টে, যদিও অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান। শেষ পর্যন্ত আর গোল না হলে সেই ১-০ গোলের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফিরল বার্সেলোনা। আর সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে টেবিলের দুইয়ে রিয়াল মাদ্রিদ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.