Sylhet Today 24 PRINT

দলের এমন পারফরম্যান্সে হতাশ জাহানারা

ক্রীড়া প্রতিবেদক |  ১০ অক্টোবর, ২০২২

নারী এশিয়া কাপে বর্তমান চ্যাম্পিয়ান বাংলাদেশ। অথচ এবার সেমিফাইনালে উঠা নিয়েই দেখা দিয়েছে শঙ্কা। ভারত-পাকিস্তানের পর রোববার শ্রীলঙ্কার সাথেও হেরে গেছে বাংলাদেশ।

দলের এমন পারফরম্যান্সে হতাশ বাংলাদেশি পেসার জানাহারা ইসলামও। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেন, আজকের ম্যাচটা আমাদের জেতা উচিত ছিলো। সহজ টার্গেট ছিলো। টার্গেট সেট হওয়ার পরই নিজেদের মধ্যে বলাবলি করছিলাম। কিন্তু শেষ পর্যন্ত আমরা পারিনি। আজকে হেরে আমরা অনেকটাই হতাশ।

তিনি বলেন, এমন সমস্যা আমাদের আগেও হয়েছে। ছোট লক্ষ্য নিয়ে নেমে হেরে গেছি। কিন্তু আজকের ম্যাচটা গুরুত্বপূর্ণ ছিলো।

সোমবার সিলেটে মেয়েদের এশিয়া কাপে ডিএলএস মেথডে শ্রীলঙ্কার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। ৫ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান এখন পাঁচে। পরের রাউন্ডে যেতে হলে মঙ্গলবার নিজেদের শেষ ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হবে।

মাঠে প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারার কারণ সম্পর্কে জাহানারা বলেন, আমরা বড়দলের বিপক্ষে অনেক কম খেলার সুযোগ পাই। সর্বশেষ ওয়াল্ডকাপ খেলেছি নিউজিল্যান্ডে। সেখানে বড় দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। তারপরে ওইভাবে কোন বড় দলের সাথে খেলার সুযোগ পাইনি।

তিনি বলেন, বড় দলের বিপক্ষে খেললেই বুঝতে পারবো আমাদের অবস্থা কোথায়। হুট করে একটা ম্যাচ বা টুর্নামেন্ট খেললাম। এতে হারলাম বা জিতলাম। কিন্তু এসবের উপর দলের অবস্থান নির্ভর করে না। বড় দলগুলোর সাথে নিয়মিত খেলতে হবে।

পাকিস্তান এবং শ্রীলঙ্কার সাথে হারলেও তাদের সাথে শক্তির বিচারে এই তিনদলের তেমন কোন পার্থক্য নেই বলে মনে করেন জাহানারা। তিনি বলেন, পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে আমাদের অনেক খেলা হয়েছে। শক্তির বিচারে আমরা তিনদলই প্রায় একই কাতারে আছি। ফলে ওইদিন যে ভালো খেলে তারই জয়ের সুযোগ পাই। আজ আমরা ভালো খেলতে পারিনি।

ব্যাটাররা পরিকল্পনামতো খেলতে না পারার কারণেই আজকে হারতে হয়েছে জানিয়ে তিনি বলেন, আজ সহজ টার্গেট ছিলো। এটা জেতা উচিত ছিলো। বৃষ্টির পরে উইকেটে একটু গতি এসেছিল। বলও নিচু হচ্ছিল। তবে উইকেটের দোষ দেবো না। এটা জেতা উচিত ছিলো। ম্যাচের শুরু থেকেই সিঙ্গেল নেয়া উচিত ছিলো। শুরুটা ভালো করা দরকার ছিলো।  আর শেষের দিকে যখন বিগ হিট করা দরকার ছিলো তখন তা করতে পারিনি।

এই টুর্নামেন্টে না পারলেও ব্যাটাররা এখন নিয়মিতই ভালো করছে জানিয়ে এই পেসার বলেন, আমাদের ব্যাটাররা কিন্তু এখন ভালো করছে। আমরা জয়ও পাচ্ছি। কিন্তু যখন একটি খারাপ দিন আসে তখন সবকিছুই খারাপ যায়। আজকেও তেমন হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.