Sylhet Today 24 PRINT

শ্রীলঙ্কাকে হারিয়ে নামিবিয়ার চমক দিয়ে বিশ্বকাপ শুরু

স্পোর্টস ডেস্ক |  ১৬ অক্টোবর, ২০২২

লক্ষ্যটা বেশ চ্যালেঞ্জিং। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সামনে ১৬৪ রানের লক্ষ্য দিয়েছে নামিবিয়া। সদ্য এশিয়া কাপ চ্যাম্পিয়নরা এই লক্ষ্য টপকাতে পারেনি। তাদের হারিয়ে চমক দেখিয়েছে আফ্রিকান দেশটি।

রোববার হোবার্টে বিশ্বকাপের প্রথম রাউন্ডের 'এ' গ্রুপের ম্যাচে ৫৫ রানে জিতেছে নামিবিয়া। টস হেরে ব্যাটিংয়ে নেমে তাদের করা ৭ উইকেটে ১৬৩ রানের জবাবে ৬ বল বাকি থাকতে মাত্র ১০৮ রানেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা।

টস জিতে বোলিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল শানাকার দল। ১৬ রানেই নামিবিয়ার দুই ওপেনারকে ফিরিয়ে চাপে ফেলে লঙ্কার বোলাররা। তবে স্টিফান বার্ডকে নিয়ে ৪১ রানের জুটি করেন অধিনায়ক ইরাসমাস। দলীয় ৭৬ রানে ইরাসমাসকে ফেরান ডি সিলভা। এরপর কিছুক্ষণের মধ্যেই বিদায় নেন স্টিফান বার্ড।

তবে জ্যান ফ্রাইলিঙ্ক এবং জেজে স্মিট মিলে গড়েন ৭০ রানের জুটি। লঙ্কান বোলারদের চার-ছয়ে ভাসিয়েছেন এই দুই ব্যাটার। দলের হয়ে ২৮ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন ফ্রাইলিঙ্ক। এই ইনিংস খেলতে তিনি চারটি চার মেরেছেন। পাশাপাশি স্মিট ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ১৬ বলে ৩১ রান করে। লঙ্কানদের মধ্যে দুই উইকেট পেয়েছেন প্রমোদ মদুশান।

শেষ চার ওভারে ৫৭ রান হজম করেছে শ্রীলঙ্কা। বিশ্বকাপে ডেথ ওভারে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রান দিলো তারা। আর ফ্রাইলিংক ও স্মিটের ৭০ রান সপ্তম বা তার পরবর্তী উইকেট জুটিতে তৃতীয় সর্বোচ্চ।

রান তাড়া করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় শ্রীলংকা। দ্বিতীয় ওভারে ডেভিড উইজ পেয়ে যান শ্রীলঙ্কার প্রথম উইকেট। ব্যক্তিগত ৬ রান করে ফেরেন কুশল মেন্ডিস। চতুর্থ ওভারে বেন শিকোঙ্গোর তোপে বিপর্যস্ত লঙ্কান ব্যাটিং লাইন। পাথুম নিশাঙ্কা ক্যাচ দেন জেজে স্মিটকে। পরের বলেই দানুশকা গুনাথিলাকা গোল্ডেন ডাক মারেন গ্রিনের ক্যাচ হয়ে। পরের বলেও উইকেট পেতে পারতো শিকোঙ্গো, রিভিউ নিয়েও সফল হননি তিনি।

২১ রানে তিন উইকেট হারানোর পর ধনঞ্জয়া-রাজাপাকসের জুটিতে ধকল সামাল দিচ্ছিল লঙ্কানরা। তবে দলীয় ৪০ রানে ধনঞ্জয়াকে ফিরিয়ে লঙ্কান শিবিরে কাপন ধরান ফ্রাইলিঙ্ক।

এরপর ভানুকা রাজাপাকশে ও অধিনায়ক দাসুন শানাকা দলকে টেনে নিতে থাকেন। কিন্তু এই জুটি টিকতে পারেননি নামিবিয়ার বোলিং তোপে। রাজাপাকসের পর একে একে সাজঘরে ফিরতে থাকেন হাসারাঙ্গা, করুণারত্নেরা। অধিনায়ক শানাকাও দলকে জেতাতে পারেননি। তিনি আউট হন দলীয় সর্বোচ্চ ২৯ রান করে। শেষ পর্যন্ত লঙ্কানদের ইনিংস থামে ১০৮ রানে। নামিবিয়াদের হয়ে দুইটি করে উইকেট নেন ডেভিড উইজ, স্কল্টজ এবং শিকোঙ্গো

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.