Sylhet Today 24 PRINT

নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক |  ২০ অক্টোবর, ২০২২

সুপার টুয়েলভে যেতে হলে আজকের ম্যাচে জিততেই হতো শ্রীলঙ্কাকে। নেদারল্যান্ডসকে ১৬ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করলো দাসুন শানাকার দল। আগে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৬৩ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে নেদারল্যান্ডস ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৪৬ রান।

এ ম্যাচে হারলেও ডাচদের বিদায় নিতে হচ্ছে না এখনই। দিনের দ্বিতীয় ম্যাচে নামিবিয়া কোনোমতে আরব আমিরাতকে হারাতে পারলেই সুপার টুয়েলভ নিশ্চিত। তাতে বিদায় নেবে আরব আমিরাতের সঙ্গে নেদারল্যান্ডসও। আর যদি অঘটন ঘটিয়ে আরব আমিরাত জিতে যায়, তাহলে নেদারল্যান্ডসই উঠবে সুপার টুয়েলভসে। বিদায় নেবে আরব আমিরাত এবং নামিবিয়া।

জিলংয়ের কারদিনিয়া ওভালে নেদারল্যান্ডস খেলতে নেমেছিল দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে। তবে নামিবিয়া ও আরব আমিরাতের বিপক্ষে পাওয়া জয় দুটিতে ব্যবধান ছিল স্বল্প, রানরেটও ছিল কম। বিপরীতে নামিবিয়ার কাছে হেরে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কার ভান্ডারে ছিল আমিরাতকে হারানোর ২ পয়েন্ট। তবে একমাত্র জয়টির ব্যবধান বেশি (৭৯ রান) হওয়ায় রানরেট ছিল বেশ ভালো। যে কারণে জিতলেই প্রথম রাউন্ড উতরে যাওয়ার সুযোগ ছিল লঙ্কানদের। আর সে সুযোগটাই কাজে লাগিয়ে শ্রীলঙ্কাকে সুপার টুয়েলভে উঠিয়েছেন কুশল মেন্ডিস।

ডাচদের হারিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে শ্রীলঙ্কা। ৪ পয়েন্টের সাথে তাদের রান রেট এখন ০.৬৬৭। সমান পয়েন্ট হলেও নেদারল্যান্ডসের রান রেট কমে গেছে অনেক। তাদের রান রেট এখন ঋনাত্মক। -০.১৬২।

টস জিতে ব্যাট করতে নেমে ধীরস্থির শুরু করে শ্রীলঙ্কা। পাওয়ার প্লের ছয় ওভারে কোন উইকেট না হারিয়ে তারা তুলে ৩৬ রান। সপ্তম ওভারে ২১ বলে ২৪ রান করা উদ্বোধনী ব্যাটার পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে লঙ্কানদের চাপে ফেলে নেদারল্যান্ড।  

মেকেরেনের করা ঠিক পরের বলেই কোন রান না করে আউট হন ধনঞ্জয়া ডি সিলভাও, চাপ বাড়ে শ্রীলঙ্কার। এরপর ৬০ রানের জুটি গড়ে পরিস্থিতি সামাল দেন চারিথ আশালাঙ্কা ও কুশল মেন্ডিস।  

৩০ বলে ৩১ রান করে আশালাঙ্কা ফিরলেও ফিফটি তুলে নেন কুশল মেন্ডিস। ৫ চার ও সমান ছক্কায় ৪৪ বলে ৭৯ রান করেন তিনি। ডাচদের হয়ে ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নেন পল ভ্যান মেকেরেন।  

জবাব দিতে নেমে ২৩ রানের উদ্বোধনী জুটি পায় নেদারল্যান্ড। এরপর তারা নিয়মিত বিরতিতে হারাতে থাকে উইকেট। এক প্রান্ত আগলে রেখে ম্যাক্স ও ডওড। শেষ পর্যন্ত একাই লড়াই করে যান তিনি। লড়াকু মানসিকতায় হাঁকাতে থাকেন বাউন্ডারি।  

৫৩ বলে ৭১ রান করেন তিনি। শেষদিকে খেলতে নামেন রওলেফ ভ্যান ডার মারওয়ি। বোলিংয়ের সময় পাওয়া ইনজুরি নিয়েই নামেন তিনি। খুঁড়িয়ে খুঁড়িয়ে রানও নেন। কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি। লক্ষ্যে পৌঁছাতে পারেনি ডাচরা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.