Sylhet Today 24 PRINT

বার্সার জয়ে ফেরার ম্যাচে লেভানডফস্কির জোড়া গোল

স্পোর্টস ডেস্ক |  ২১ অক্টোবর, ২০২২

রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারে পয়েন্ট তালিকার দুইয়ে নেমে গিয়েছিল বার্সেলোনা। এলচের বিপক্ষে আরেক জয়ে শীর্ষস্থান সংহত রেখেছিল লস ব্লাংকোংসরা। ফলে ভিয়ারিয়ালের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বার্সেলোনার। বার্সা জিতেছে।

বৃহস্পতিবার রাতে কাম্প নউয়ে অনুষ্ঠিত ম্যাচটি ৩-০ গোলে জিতেছে জাভি হার্নান্দেজের দল। দলের পক্ষে জোড়া গোল করেছেন রবের্ত লেভানডফস্কি, অন্য গোলটি আনসু ফাতির।

শুরু থেকে বলের নিয়ন্ত্রণ নেওয়া বার্সেলোনা একের পর এক আক্রমণ করতে থাকে। প্রথম ঘণ্টায় মিলেনি গোলের দেখা। গোলের দেখা পায় ৩১ মিনিটে। বার্সাকে এগিয়ে দেওয়া গোলটি করেছেন যথারীতি লেভা। বক্সের মধ্যে বল পেয়ে দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে সেটি জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। বায়ার্ন মিউনিখ থেকে এ মৌসুমেই বার্সেলোনায় নাম লেখানোর পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর ১৫তম গোল।

৩ মিনিট পর ম্যাচে নিজের দ্বিতীয় গোল পেয়ে যান লেভা। এবার বক্সের বাইরে থেকে অসাধারণ এক শটে গোলটি করেন তিনি। দুর্দান্ত এক প্রতি আক্রমণ থেকে গোলটি পায় বার্সেলোনা। আর সেই প্রতি আক্রমণের শুরুটা হয়েছে বার্সার অর্ধ থেকে গাভিকে দিয়ে।

৩৮ মিনিটে তিনজন খেলোয়াড়কে কাটিয়ে তোরেস বক্সের মধ্যে বল দেন আনসু ফাতিকে। তার শট প্রথমে পোস্টে লেগে ফিরে আসে। কিন্তু ফিরে আসা বল ব্যাকহিল করে জালে পাঠান ফাতি।

এই জয়ের পর ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান ম্যাচে ২৮। ২২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রিয়াল সোসিয়েদাদ। আর চতুর্থ স্থানে থাকা আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ২০।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.