স্পোর্টস ডেস্ক | ২২ অক্টোবর, ২০২২
ফরাসি লিগ ওয়ানের ম্যাচে আজাকসিওকে উড়িয়ে দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের দারুণ বোঝাপোড়ায় ৩-০ গোল ব্যবধানের জয় পায় দলটি। দুর্দান্ত খেলে দুজনই গোলের দেখা পেয়েছেন, একে অপরকে অ্যাসিস্টও করেছেন। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল ক্রিস্তফ গালতিয়ের দল।
আজাকসিওর মাঠ স্তেদি ফ্রাঙ্কোইস কোটিতে এদিন শুরু থেকেই আক্রমণাতক ফুটবল খেলতে থাকে পিএসজি। ম্যাচের ১৩তম মিনিটে ফ্রি কিক থেকে এদিন প্রায় জালের দেখা পেয়েও গিয়েছিলেন মেসি। তবে আজাকসিওর গোলরক্ষক লেরয়ের অসাধারণ সেইভে হতাশ হতে হয় আর্জেন্টাইন এই তারকাকে।
তবে নিজে গোল না করতে পারলেও ম্যাচের ২৪তম মিনিটে দারুণ এক অ্যাসিস্টে গোল করান মেসি। এই আর্জেন্টাইনের পাস থেকে বল জালে জড়ান দুরন্ত ফর্মে থাকা এমবাপ্পে। এরপর ম্যাচের লম্বা সময় ধরে একের পর এক আক্রমণ করলেও জালটাই খুঁজে পাচ্ছিল না পিএসজির ফুটবলাররা। দলের ফরোয়ার্ড থেকে শুরু করে মিডফিল্ডার সকলেই একের পর এক মিস করেন।
অবশেষে জালের দেখা না পাওয়ার এই অচলায়তন কাটান মেসি। ম্যাচের ৭৮তম মিনিটে এমবাপের দুর্দান্ত এক ব্যাকহিল থেকে বল পেয়ে গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন মেসি। এর ঠিক চার মিনিট পর আজাকসিওর জালে শেষ পেরেকটি ঠুকে দেন এমবাপে।
বক্সের বাইরে থেকে মেসির দারুণ এক পাস থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি ফরাসি এই ফরোয়ার্ড। এই গোলের মধ্য দিয়ে চলতি লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন এমবাপে। ১১ ম্যাচে ১০ গোল পেয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড। পেছনে ফেলেছেন ৯ গোল করা তারই সতীর্থ নেইমার এবং লিলের জোনাথন ডেভিডকে।